ইরাকের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে একটি কাতিউশা রকেট আঘাত হেনেছে। সরকারি বিভিন্ন ভবন এবং কূটনৈতিক মিশনের দপ্তর এ এলাকায় অবস্থিত।
রকেটটি যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইরাকের সেনাবাহিনী।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাগদাদে এক আকস্মিক সফরকালে ইরান-সমর্থিত মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রাখতে ইরাকি নেতারা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ করবে বলে হুঁশিয়ারি দেওয়ার পর গ্রিন জোনে এ রকেট হামলা হল।
ইরান-সমর্থিত মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর কাছে রকেট তাক করছে বলে মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পম্পেও বাগদাদে ওই সফরে গিয়েছিলেন বলে জানিয়েছেন ইরানের দুই নিরাপত্তা কর্মকর্তা।
রকেট হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে যুক্তরাষ্ট্র ঘটনাটিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এরকম হামলা হলে ইরানকেই দায় করা হবে এবং এর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা।
ইরাকের সেনাবাহিনী বলেছে, রকেটটি গ্রিন জোনের মধ্যে গিয়ে পড়েছে। এটি মার্কিন দূতাবাসের কাছাকাছি পড়েছে বলে খবর প্রকাশের পর ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
