২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রণক্ষেত্রে শেষ হল বিজেপি নেতা অমিত শাহের কলকাতা রোড শো

ভারতে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা অমিত শাহর রোড শো’ ঘিরে কলকাতা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এমন পরিস্থিতির মধ্য দিয়েই রোড শো শেষ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2019, 10:17 PM

Updated : 18 Aug 2022, 05:17 PM

মূলত তৃণমূল ছাত্র পরিষদ এবং বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষ হয় বলে জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

সংঘর্ষের সূত্রপাত হয় উত্তর কলকাতার বিবেকানন্দ কলেজের সামনে থেকে। শিক্ষার্থীদের একটি দল কলেজের সামনে কালো পতাকা হাতে এবং  ‘অমিত শাহ ফিরে যাও’ লেখা পোস্টার নিয়ে দাঁড়িয়ে ছিল।

এনডিটিভি জানায়, বিজেপি সমর্থকরা সেটি দেখতে পেয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে প্রথমে তাদের দিকে পাথর ছোড়ে এবং পরে কলেজ ক্যাম্পাসে ঢুকে ভাংচুর করে। তারপর ক্যাম্পাসের ভেতরে দাঁড় করিয়ে রাখা কয়েকটি মোটরসাইকেল টেনে বাইরে এনে তারা সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।

দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ লাঠি পেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিবেকানন্দ কলেজ স্ট্রিট পার হওয়ার সময় অমিত শাহ গাড়ির ভেতরে ছিলেন। ‘গণতন্ত্র বাঁচাও’ নামে অমিত শাহর এই র‌্যালি স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মধ্য কলকাতার এসপ্লানেড থেকে শুরু হয়। র‌্যালিতে অংশ নেওয়া গাড়িগুলো গেরুয়া ও সবুজ রঙের বেলুন দিয়ে সাজানো ছিল, উড়ছিল বিজেপির পতাকা।

হিন্দু বিভিন্ন দেবতার সাজে অনেকে র‌্যালিতে অংশ নেন। কেউ বা নেচে-গেয়ে বাজনা বাজিয়ে চলেন। গোলাপি রঙের হাতকাটা জ্যাকেট পরা অমিত শাহ ছাদ খোলা একটি গাড়িতে ছিলেন। তিনি লোকজনের উপর গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে দিতে সামনে অগ্রসর হন।

এই সমাবেশের জন্য ১০ হাজার কেজি গাঁদা ফুলের পাপড়ির ব্যবস্থা করা হয়। কলকতায় এত বিশাল আয়োজনের রোড শো আর হয়নি বলে মত স্থানীয় সাংবাদিকদের।

রাজ্য বিজেপির শীর্ষ সব নেতা এ সমাবেশে অংশ নিয়েছেন। এই সমাবেশে স্থানীয়দের তেমন আগ্রহ ছিল না দাবি করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মততা বন্দ্যোপাধ্যায়ের বাক্যবান, “বাবু ঝাড়খণ্ড, বিহার ও উত্তর প্রদেশের মানুষদের নিয়ে কলকাতায় মিছিল করেছেন।”