মঙ্গোলিয়ায় প্লেগে দম্পতির মৃত্যুর পর দেওয়া ‘আটকাদেশ’ শেষ হয়েছে
বিউবোনিক প্লেগে এক দম্পতির মৃত্যুর পর মঙ্গোলিয়ার বায়ান ওলজি প্রদেশে ছয় দিনের অন্তরীণ আদেশ দেওয়া হয়েছিল, সময়সীমা শেষ হওয়ার পর তা তুলে নেওয়া হয়েছে।
এর ফলে ওই অঞ্চলে ভ্রমণে যাওয়া অনেক পর্যটকই এখন এলাকাটি ত্যাগের অনুমতি পাবেন বলে জানিয়েছে বিবিসি।
দেশটির কর্মকর্তারা জানিয়েছে, পার্বত্য মূষিকের কাঁচা মাংস খেয়ে মঙ্গোলিয়ান ওই দম্পতি প্লেগে আক্রান্ত হয়েছিলেন।
তাদের মৃত্যুর পর ১ মে থেকে চীন ও রাশিয়ার সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় বায়ান ওলজিতে ছয় দিনের অন্তরীণ আদেশ জারি করা হয়।
মূষিকের কাঁচা মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল, এমন একটি লৌকিক বিশ্বাসের বশবর্তী হয়ে ওই দম্পতি প্রাণিটির কাঁচা মাংস ও কিডনি খেয়েছিলেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) উলানবাটারের কর্মকর্তা আরিয়ুনতুইয়া অচিরপুরেভ জানিয়েছেন।
আক্রান্তদের দেহে অত্যন্ত ছোঁয়াচে নিউমোনিক প্লেগ বিস্তার লাভ করেছে, এমনটা সন্দেহ করার পরপরই ওই অন্তরীণ আদেশ জারি করা হয় বলে জানিয়েছেন তিনি।
তীক্ষ্ণ দাঁতের এই প্রাণিগুলো প্লেগের ব্যাকটেরিয়ার বাহক হিসেবে পরিচিত। মঙ্গোলিয়ায় প্লেগের ঘটনাগুলোর সঙ্গে এই প্রাণিগুলোর যোগ আছে। তাই সেখানে এ ধরনের তীক্ষ্মদন্তী, গর্তবাসী প্রাণি শিকার নিষিদ্ধ।
অচিরপুরেভ জানান, ১৯৮৯ থেকে ১৯৯৭ পর্যন্ত দেশটিতে ৬৯ জন প্লেগে আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে ২২ জন মারা যান।
মঙ্গোলিয়ার ওই দম্পতির সংস্পর্শে আসা ১১৮ জনকে তাৎক্ষণিকভাবে পৃথক করে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে সুইজারল্যান্ড, সুইডেন, কাজাখস্তান ও দক্ষিণ কোরিয়ার সাত পর্যটকও আছেন বলে অচিরপুরেভ জানান।
বিদেশি পর্যটকের সংখ্যা আরও বেশি এবং অন্তরীণ আদেশের কারণে রাশিয়া, জার্মানি ও যুক্তরাষ্ট্র থেকে যাওয়া পর্যটকদেরও ওই এলাকা ছাড়তে বাধা দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
“অন্তরীণ আদেশ ঘোষণার পর খুব বেশি মানুষ, এমনকী স্থানীয়রাও, রোগে আক্রান্ত হওয়ার ভয়ে রাস্তায় নামেননি,” অন্য এক সংবাদ মাধ্যমকে এমনটাই বলেছেন মার্কিন শান্তিরক্ষী বাহিনীর স্বেচ্ছাসেবক সেবাস্টিয়ান পিকে।
বিরল হলেও প্লেগ এখনো মানুষের জন্য বড় ধরনের হুমকি, বলছেন বিশেষজ্ঞরা।
প্লেগের মহামারিতে গত শতকগুলোতে ইউরোপ ও এশিয়ার লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে।
বর্তমান সময়ে এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বিরল; তবে এন্টিবায়োটিকসহ চিকিৎসা না নিলে এটি এখনও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
সাধারণত মাছির মাধ্যমে প্রাণীদেহ থেকে মানবদেহে এ রোগ সংক্রমিত হয়; চিকিৎসা না করালে ৩০ থেকে ৬০ শতাংশ ক্ষেত্রে এটি প্রাণঘাতী হয়ে উঠে।
চতুর্দশ শতাব্দীর ‘ব্ল্যাক ডেথ’ এ আফ্রিকা, এশিয়া ও ইউরোপজুড়ে প্লেগ প্রায় ৫ কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। ১৬৬৫ সালে এ রোগের মহামারিতে লন্ডনের জনসংখ্যা একপঞ্চমাংশ কমে গিয়েছিল। গত শতাব্দীতে ভারত ও চীনে প্লেগের আক্রমণে এক কোটি ২০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
