চীনা পণ্যে ট্রাম্পের ফের শুল্কারোপের হুমকিতে শেয়ার বাজারে ধস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে।
সেইসঙ্গে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে।
ট্রাম্প রোববার এক টুইটে বলেছেন, যুক্তরাষ্ট্র ২০ হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যে শুল্ক দ্বিগুণেরও বেশি বাড়াবে এবং নতুন করে আরো পণ্যে শুল্কারোপ করবে।
তিনি বলেন, শুক্রবারেই কয়েকটি চীনা পণ্যে আরোপিত ১০ শতাংশ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। আর শুল্ক আরোপ করা হয়নি এমন ৩২ হাজার ৫শ’ ডলার মূল্যের পণ্যে খুব শিগগিরই ২৫ শতাংশ শুল্কারোপ করা হবে।
ট্রাম্পের এ ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার বাজারের সূচকে বড় ধরনের ধস নেমেছে। ইউরোপীয় শেয়ার বাজারেও লেগেছে এর ধাক্কা। প্যারিস এবং জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শেয়ার সূচকও প্রায় ২ শতাংশে নেমে এসেছে। বিশেষ করে ক্ষতির মুখে পড়েছে গাড়ি নির্মাতারাসহ গাড়ির যন্ত্রাংশ এবং স্টিল উৎপাদনকারীরা। চীনে হংকং হ্যাং সেন সূচক প্রায় ২ দশমিক ৯ শতাংশ এবং সাংহাই কমপোজিট ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।
বাণিজ্যযুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র এবং চীন যখন একটি বাণিজ্য চুক্তি করার পথে এগুচ্ছে ঠিক সে সময়ই ট্রাম্প এ হুমকি দিলেন।
চুক্তি নিয়ে আলোচনার জন্য চীনের একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিবিসি। বুধবারই এ আলোচনা শুরু হওয়ার কথা।
চীনের পররাষ্ট্রন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, “আমরা সম্প্রতি পরিস্থিতি বোঝার জন্য কাজ করে চলেছি।”
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এর আগে খবর বেরিয়েছিল, বেইজিং আলোচনায় না যাওয়ার চিন্তা ভাবনা করছে। আবার কয়েকটি খবরে বলা হয়েছে, আলোচনায় চীনের ১শ’ জনের একটি প্রতিনিধিদল পাঠানোর কথা রয়েছে।
