২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্জন সৈকত, শূন্য হোটেল: বোমা হামলার ধাক্কা শ্রীলঙ্কার পর্যটনে

দুই সপ্তাহ আগে একাধিক আত্মঘাতী বোমা হামলায় আড়াইশর বেশি মানুষ নিহত হওয়ার পর পর্যটকরা মুখ ফিরিয়ে নেওয়ায় শ্রীলঙ্কার ৪৪০ কোটি ডলারের পর্যটন খাতে জোর ধাক্কা লেগেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2019, 03:42 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

শ্রীলঙ্কার একটি স্বল্প পরিচিত ইসলামি গোষ্ঠীর সন্দেহভাজন হামলাকারীরা ইস্টার সানডেতে বেশ কয়েকটি গির্জা ও অভিজাত হোটেলে হামলা চালিয়ে দেশি-বিদেশি ধর্মানুরাগী, পর্যটক ও তাদের পরিবারের সদস্যদের হত্যা করে।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটও (আইএস) পরে ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

আরও সন্ত্রাসী হামলা হতে পারে এমন শঙ্কায় বিশ্বের বিভিন্ন অংশের পর্যটকরা হোটেল ও ফ্লাইট বুকিং বাতিল করায় শ্রীলঙ্কার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ও এর কর্মীরা বিপাকে পড়েছেন।

দেশটির জিডিপির ৫ শতাংশ পর্যটনের ওপর নির্ভরশীল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“পর্যটন খাতের পাশাপাশি অর্থনীতির জন্যও এটা বড় ধরনের ধাক্কা। অর্থনীতির সমৃদ্ধির জন্যই হামলার আগে পর্যটন যেখানে ছিল সেখানে ফিরিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ,” বলেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

ভ্রমণ বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ফরোয়ার্ডকীস-র তথ্য অনুযায়ী, বোমা হামলার পরের সপ্তাহগুলোতে শ্রীলঙ্কায় হোটেল বুকিংয়ের পরিমাণ গড়ে গত বছরের একই সময়ের তুলনায় ১৮৬ শতাংশ কমেছে।

বুকিং হওয়ার চেয়ে বাতিলের পরিমাণ বেশি থাকার কারণেই গড় একশ শতাংশের নিচে নেমেছে, বলেছে রয়টার্স।

শনিবার পর্যন্ত শ্রীলঙ্কাজুড়ে হোটেলগুলোর বুকিং বাতিলের হার গড়ে ৭০ শতাংশ; এর মধ্যে রাজধানী কলম্বোর হোটেলগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন লঙ্কান পর্যটন ব্যুরোর চেয়ারম্যান কিশু গোমেজ।

“কিছু এয়ারলাইন্সের ফ্লাইটের হারও কমে গেছে; সাধারণত যা হয়, তার তুলনায় অনেক কমে গেছে লোড ফ্যাক্টরের পরিমাণও। নিশ্চয়ই এটি চিন্তিত হওয়ার মতো বিষয়,” বলেছেন তিনি।

২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কয়েক দশকের ‍গৃহযুদ্ধ শেষে গত ১০ বছর ধরে এক হাজার মাইল উপকূলরেখাসমৃদ্ধ শ্রীলঙ্কায় পর্যটকদের আনাগোনা বাড়ছিল।

গত বছরও পর্যটন খাত ছিল দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের তৃতীয় সর্বোচ্চ ও সবচেয়ে বর্ধনশীল উৎস।

ইস্টার সানডের হামলার পর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখান থেকে উত্তরণে দক্ষিণ এশীয় এ দেশটির নিরাপত্তা জোরদার ও দৃঢ়সঙ্কল্প নীতি নিতে হবে বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

হামলার পরের পরিস্থিতি অভিজাত হোটেল ও সমুদ্রসৈকতের ওপর নির্ভরশীল ব্যবসায়ীদের ভয়াবহ ক্ষতির মুখে দাঁড় করিয়েছে।

দক্ষিণ কলম্বোর বেনতোতা সমুদ্র সৈকতের প্রায় সব রিসোর্টই খালি পড়ে আছে বলে সেগুলোর ব্যবস্থাপকরা জানিয়েছেন।

বেনতোতোর ওয়ারাহেনা রিসোর্ট চালান ৫৪ বছর বয়সী সামানমালি কোলোনে। রিসোর্টের ৭টি কক্ষের প্রতিটির ভাড়া দিনপ্রতি ৫৬ ডলার।

সামানমালির এই রিসোর্ট আগে খালিই পাওয়া যেত না, কিন্তু ইস্টারের পরবে বোমা হামলার পর পরিস্থিতি একেবারেই উল্টো। অতিথিরাও সব একের পর এক বুকিং বাতিল করছেন।

“কোনো বুকিং নেই- এই সপ্তাহে, পরের মাসে এমনকী অক্টোবরেও। সবাই বুকিং বাতিল করেছেন,” নির্জন সমুদ্রসৈকতের পাশে অবস্থিত নিজের রিসোর্টে বসে সামানমালি যখন এসব বলছেন তখনও তার ওয়েটাররা খদ্দেরের অপেক্ষায় গ্লাস পরিষ্কার ও টেবিল গোছগাছ করছিলেন।

যদিও কোনো অতিথির আগমণের চিহ্নও দেখা যায়নি।

বুকিংয়ের হার যদি শিগগিরই না বাড়ে, তাহলে রিসোর্টের ১৬ কর্মীর কাউকে কাউকে বিদায় করে দিতে হবে বলেও উদ্বিগ্ন এ নারী।

“আগেও আমরা সমস্যায় পড়েছি, কিন্তু এবারেরটা একেবারেই আলাদা,” বলেন তিনি।