লিবিয়া: হাফতার বাহিনীর শিবিরে হামলার দাবি আইএসের
খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ার পূর্বাঞ্চলীয় বাহিনীর একটি শিবিরে হামলার দাবি করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।
শনিবার লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় সাবহা শহরে চালানো ওই হামলায় নয় জন নিহত হয়েছেন বলে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, খবর বিবিসির।
জানুয়ারিতে চালানো এক অভিযানে তেল সমৃদ্ধ দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল জেনারেল হাফতারের অনুগত বাহিনী। তারা এখন দেশটির উত্তরপশ্চিমে রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করছে।
অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে আইএস বলেছে, সাবহায় চালানো হামলায় তারা ১৬ জনকে হত্যা অথবা জখম করেছে এবং একটি কারাগার থেকে বন্দিদের মুক্ত করেছে।
হাফতারের বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে শিবিরের ভিতরের একটি কারাগারে হামলা হওয়ার কথা নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানাননি।
স্থানীয় পৌরসভার প্রধান হামিদ আল খাইয়ালি বার্তা সংস্থাটিকে জানিয়েছেন, হামলার সময় এক সৈন্যের শিরশ্ছেদ করা হয়েছে এবং আরও সাত জনকে হয় ‘জবাই’ বা গুলি করে হত্যা করা হয়েছে।
পরে সাবহার হাসপাতাল থেকে দেওয়া এক বিবৃতিতে ওই হামলায় নিহতের সংখ্যা নয় জন বলে জানানো হয়েছে।
জেনারেল হাফতারের ঘাঁটি লিবিয়ার পূর্বাঞ্চলে। সেখানে তিনি লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দুই সরকারের একটির সঙ্গে মিত্রতার বন্ধনে আবদ্ধ।
জানুয়ারিতে তিনি তার লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) বাহিনী নিয়ে দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়েছিলেন। ‘সন্ত্রাসী ও অপরাধী গোষ্ঠীগুলোর’ কবল থেকে ওই অঞ্চলটি মুক্ত করাই তার উদ্দেশ্য বলে তখন জানিয়েছিলেন তিনি।
গত মাসে জেনারেল হাফতার তার বাহিনীকে ত্রিপোলির দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। ত্রিপোলিতে তার বাহিনীর এখন লিবিয়ার জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্য সরকারের অনুগত বাহিনীর সঙ্গে লড়াই করছে।
লিবিয়ার ত্রিপোলিভিত্তিক সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ আল সেরাজ রাজধানীকে রক্ষা করার অঙ্গীকার করে জেনারেল হাফতারের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ করেছেন।
২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের নেতা মুয়াম্মার গাদ্দাফির পতন ও তার হত্যাকাণ্ডের পর থেকে লিবিয়া রাজনৈতিকভাবে অস্থিতিশীল ও সহিংসতা কবলিত হয়ে আছে।
