২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের কালো তালিকায় পাকিস্তানের মাসুদ আজহার

চীন আপত্তি তুলে নেওয়ায় পাকিস্তানের জঙ্গিদল জইশ-ই-মোহাম্মদের (জেইএম) প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসীদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2019, 08:53 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

নিরাপত্তা পরিষদের একটি কমিটি বুধবার আজহারকে কালো তালিকা ভুক্ত করে বলে কূটনীতিকদের বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এতদিন মাসুদ আজহারকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীনের আপত্তি ছিল।

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন একে দেশটির বিশাল কূটনৈতিক জয় বলে বর্ণনা করেছেন।

টুইটারে তিনি বলেন, “বড়, ছোট সবাই একজোট হয়েছে। জাতিসংঘ মাসুদ আজহারকে একজন সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞ।”

 

জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অর্থ মাসুদ আজহারের সব ধন-সম্পদ জব্দ করা হবে।

ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স মাসুদ আজহারের বিষয়ে নিজেদের অবস্থানের পরিবর্তন করতে বেইজিংকে চাপ দিয়েছিল বলে দাবি এনডিটিভির।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ-এর গাড়িবহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৪০ সিআরপিএফ সদস্য নিহত হয়। জাইশ-ই-মোহাম্মদ ওই হামলার দায় স্বীকার করে।

মাসুদ আজহার ১৯৯৯ সালে ভারত থেকে ছাড়া পাওয়ার পর সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ প্রতিষ্ঠা করেন।

ভারতীয় একটি বেসামরিক বিমান ছিনতাই করে তালেবানশাসিত আফগানিস্তানে নিয়ে যাওয়ার পর এর ক্রু ও যাত্রীদের জীবনের বিনিময়ে নয়া দিল্লি যে তিনজনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল মাসুদ আজহার তাদের একজন।

পুরনো খবর:

মাসুদ আজহারকে ‘সন্ত্রাসী’ ঘোষণার প্রস্তাব আটকাল চীন