সৌদি নাগরিকদের শ্রীলঙ্কা ছাড়ার নির্দেশ
নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে সৌদি আরব সরকার দেশটির নাগরিকদের শ্রীলঙ্কা ছাড়ার পরামর্শ দিয়েছে।
রাজধানী কলম্বোয় সৌদি দূতাবাসের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল আখবরিয়া মঙ্গলবার এ খবর জানায়।
সৌদি দূতাবাসের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, “শ্রীলঙ্কায় বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দূতাবাস থেকে নাগরিকদের এ দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”
গত ২১ এপ্রিল ইস্টার সানডের দিন শ্রীলঙ্কার তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আট জায়গায় একযোগে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়, যাতে নিহত হন ২৫৩ জন।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি দল আইএস ওই হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় মুসলিম জঙ্গি দল ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) নেতা জাহরান হাশিম হামলার মূল পরিকল্পনাকারী ছিল বলে ধারণা তদন্ত কর্মকর্তাদের। আত্মঘাতী হামলার সময়ই জাহরান নিহত হয়েছেন।
ওই হামলার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত দেড় শতাধিক লোককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ।
