গ্রেপ্তার ভারতীয় সঙ্গে ‘যোগাযোগ’ ছিল জাহরানের
কেরালায় গ্রেপ্তার এক ব্যক্তির সঙ্গে শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন বোমা হামলার সন্দেহভাজন হোতা জাহরান হাশিমের যোগাযোগ ছিল বলে জানায় এনডিটিভি।
ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি এ খবর দেয়।
কেরালায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল সন্দেহে পালক্কাদ থেকে সোমবার রিয়াস আবুবকর এবং আবু দুজান নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এনআইএ।
জিজ্ঞাসাবাদে তাদের একজন জাহরান হাশিমকে দেখে অনুপ্রাণিত হয়ে কেরালায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার কথা স্বীকার করেছে বলে জানান কর্মকর্তারা।
ওই কর্মকর্তারা এনডিটিভিকে বলেন, জাহরান গত বছর ভারতে গিয়ে দুই থেকে তিন মাস ছিলেন। ওই সময়ে বেশ কয়েকজন ভারতীর সঙ্গে তার যোগাযোগ হয়। যাদের তিনি আইএসে যোগ দিতে উৎসাহ দিয়েছেন।
জাহরানের সঙ্গে যোগাযোগ ছিল এমন ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে এনআইএ। তামিলনাড়ু এবং কেরেলায় ৩০ জনের বেশি ব্যক্তির উপর নজরদারিও করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তারা।
গত ২১ এপ্রিল ইস্টার সানডের দিন শ্রীলঙ্কার তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আট জায়গায় একযোগে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়, যাতে নিহত হন ২৫৩ জন।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি দল আইএস ওই হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় মুসলিম জঙ্গি দল ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) নেতা জাহরান হাশিম হামলার মূল পরিকল্পনাকারী ছিল বলে ধারণা তদন্ত কর্মকর্তাদের। আত্মঘাতী হামলার সময়ই জাহরান নিহত হয়েছেন।
ওই হামলার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত দেড় শতাধিক লোককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ।
