যুক্তরাষ্ট্রের মনোভাবের ওপর কোরীয় উপদ্বীপে শান্তি নির্ভরশীল: কিম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, কোরীয় উপদ্বীপের শান্তি ও নিরাপত্তা পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ভবিষ্যত মনোভাবের ওপর।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় কিম ওই কথা বলেন। শুক্রবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে।
পিয়ংইয়ংয়ের নিষেধাজ্ঞা শিথিলের দাবি সহজে মেনে নিতে ওয়াশিংটনের ওপর চাপ প্রয়োগের চেষ্টা বলেই মনে করা হচ্ছে কিমের এ মন্তব্যকে।
গত ফেব্রুয়ারিতে নিরস্ত্রীকরণ নিয়ে ভিয়েতনামের হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যকার বৈঠক সমঝোতা ছাড়াই ভেস্তে যায়। এরপর যুক্তরাষ্ট্র আর নমনীয় মনোভাব দেখায়নি। তবে কিম জং উন বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের আরো নমনীয় মনোভাবের জন্য চলতি বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করবেন।
কিম বলেছেন, “কোরীয় উপদ্বীপ এবং এ অঞ্চলের পরিস্থিতি এখন থমকে আছে। এ পরিস্থিতি এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আছে যে এটি আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে। যেহেতু যুক্তরাষ্ট্র সম্প্রতি হয়ে যাওয়া দ্বিতীয় সম্মেলনে অনাস্থা এবং একতরফা মনোভাব দেখিয়েছে।”
তিনি বলেন, “ডিপিআরকে (উত্তর কোরিয়া) প্রত্যেকটি সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেকে সুরক্ষিত রাখবে।”
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন কিম জং উন। রাশিয়ায় এ বৈঠকে মস্কোর সঙ্গে বন্ধন আরো সুদৃঢ় করার অঙ্গীকার করেছেন উন।
