২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ২৯

পর্তুগালের মাদেইরা দ্বীপে পর্যটকবাহী একটি বাস ঢালু রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2019, 02:21 PM

Updated : 08 Apr 2022, 04:05 PM

বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৬টার দিকে ঘটা এ দুর্ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

পর্তুগিজ বার্তা সংস্থা লুজা জানিয়েছে, কানিকো শহরের নিকটবর্তী একটি সড়কে মোড় নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে  পর্যটকবাহী বাসটি খাদে পড়ে যায়।

বাসটি ঢালু পথে গড়াতে গড়াতে একটি বাড়ির ছাদে এসে আটকে যায়।

“যা ঘটেছে তা বর্ণনা করার মতো ভাষা নেই আমার। মানুষগুলো যে কষ্টভোগ করছে, তার মুখোমুখি হতে পারছি না আমি,” এসআইসি টিভিকে এমনটাই বলেছেন স্থানীয় মেয়র ফিলিপি সউজা।

বাসটির আরোহী পর্যটকরা সবাই জার্মান হলেও হতাহতদের মধ্যে স্থানীয়রাও থাকতে পারেন বলে ধারণা মেয়রের।

নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, বাকি ১৮ জন নারী। ঘটনাস্থলেই ২৮ জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী মারা যান।  

চালক ও গাইড ছাড়াই বাসটিতে ৫৫ জন যাত্রী ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন মাদেইরার আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো কালাদো।

দুর্ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে, আহতদের দ্বীপটির প্রধান শহর ফুনশালের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে লুজা।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো হেবেলো দুর্ঘটনাস্থল পরিদর্শনে রওনা হয়েছেন বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি।

পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলকে শোকবার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“এ বাস দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর শোক এবং আহতদের সঙ্গে সহমর্মিতা পোষণ করছি,” বলেছেন জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন জাইবার্ট।

মাইদেরার উত্তর উপকূলের সাও ভিসেন্তেতে ২০০৫ সালেও এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় ৫ ইতালীয় পর্যটকের মৃত্যু হয়েছিল।