মায়াবতীর প্রচারের ওপর নিষেধাজ্ঞা বহাল
ভারতে সাম্প্রদায়িক বক্তব্য দেওয়ায় ৪৮ ঘণ্টার জন্য উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন।
২৪ ঘণ্টার মধ্যেই সে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মায়াবতী। কিন্তু শীর্ষ আদালত তার আবেদন খারিজ করে নিষেধাজ্ঞাই বহাল রেখেছে।
সোমবার সাম্প্রদায়িক বক্তব্যের কারণে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিল কমিশন। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশন এ নিষেধাজ্ঞা দেয়।
নির্বাচনী আচরণ বিধি চালুর পরও বিভিন্ন দলের রাজনীতিবিদরা একের পর এক বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন কিভাবে? সে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট সোমবারই নির্বাচন কমিশনকে তিরস্কার করার কয়েক ঘণ্টার মধ্যেই মায়াবতী ও যোগী আদিত্যনাথের নির্বাচনী প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি হয়।
মঙ্গলবার কমিশনের সে নির্দেশের বিরুদ্ধে মায়াবতীর আবেদন সুপ্রিম কোর্ট সরাসরি খারিজ করে বলেছে, “মনে হচ্ছে নির্বাচন কমিশন এবার জেগে উঠেছে আমাদের নির্দেশে। রাজনীতিবিদদের প্রচারে নিষেধাজ্ঞা জারি করতে শুরু করেছে। এ থেকে স্পষ্ট যে আদালতকে ফের এমন নির্দেশ আর দিতে হবে না।”
