১৬ সৌদির ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
সৌদি সাংবাদিক জামাল খাশুগজি হত্যাকাণ্ডে ভূমিকা থাকার অভিযোগে ১৬ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। এ নিষেধাজ্ঞার আওতায় আছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম এক ঘনিষ্ঠ সহযোগীও।
গত বছর অক্টোবরে ব্যক্তিগত কাজে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেট ভবনে প্রবেশের পর ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকার কলামনিস্ট জামাল খাশুগজি খুন হন।
খাশুগজি হত্যাকাণ্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেনি বলে মনে করে মার্কিন কংগ্রেস।কংগ্রেস থেকে খাশুগজি হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে কঠোর ব্যবস্থা গ্রহণে ট্রাম্প প্রশাসনকে চাপ দেওয়া হচ্ছে।
কয়েকজন মার্কিন আইনপ্রণেতাও গোয়েন্দা সংস্থা সিআইএ’র তথ্যের ভিত্তিতে খাশুগজি হত্যাকাণ্ডে সরাসরি সৌদি যুবরাজ জড়িত থাকার কথাও প্রকাশ্যে বলেছেন।
তবে সৌদি আরব এ ঘটনায় যুবরাজ জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও এ হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে কঠোর না হয়ে বিষয়টি দূরে সরিয়ে রাখতে চেয়েছে বলে সমালোচনার শিকার হয়েছে।
এর পরিপ্রেক্ষিতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ১৬ সৌদি ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এদের নামের তালিকা প্রকাশ করে জানিয়েছে, “পররাষ্ট্র দপ্তরের বৈদেশিক কার্যক্রমের ৭০৩১ (সি) ধারা এবং রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট অব ২০১৯ এর আওতায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”
এ আইনানুযায়ী, বিদেশি সরকারের ওই কর্মকর্তাদের দুর্নীতি কিংবা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার বিশ্বাসযোগ্য তথ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে থাকলে তারাসহ তাদের পরিবারের সদস্যরাও আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
