মাদুরোকে জয় উৎসর্গ, জরিমানা গুনতে হচ্ছে ম্যারাডোনাকে
মেক্সিকোর যে দলকে কোচিং করান, সেই দলের একটি জয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎসর্গ করায় জরিমানা দিতে হচ্ছে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনাকে।
রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার নীতিমালা ভঙ্গ করায় তাকে এ শাস্তি দেয়া হয়েছে বলে সোমবার মেক্সিকোর ফুটবল ফেডারেশন জানিয়েছে , খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গত মাসের শেষদিকে টাম্পিকো মাদেরোর সঙ্গে ৩-২ গোলে জেতার পর ডোরাডোস দে সিনালোয়ার কোচ ম্যারাডোনা তার দলের জয় তীব্র অর্থনৈতিক সংকটে থাকা ভেনেজুয়েলা ও দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে উৎসর্গ করেছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনাও করেছিলেন তিনি।
১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে শিরোপা জেতা আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক ম্যারাডোনার সঙ্গে ভেনেজুয়েলার প্রয়াত নেতা উগো চাভেজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা সুবিদিত।
চাভেজের উত্তরসূরী মাদুরোর সঙ্গেও এ ফুটবল কিংবদন্তির হৃদ্যতার খবর নতুন নয়।
সোমবার মেক্সিকোর ফুটবল ফেডারেশনের দেওয়া বিবৃতিতে মাদুরোকে জয় উৎসর্গ করায় ম্যারাডোনাকে ‘অনির্দিষ্ট পরিমাণ’ জরিমানার কথা জানানো হয়।
তাৎক্ষণিকভাবে এ প্রসঙ্গে ম্যারাডোনা কিংবা তার দল ডোরাডোস দে সিনালোয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
