পশ্চিম তীর ফিলিস্তিনিদের ভূখণ্ড: এরদোয়ান
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ফিলিস্তিনিদের ভূখণ্ড বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নির্বাচনে জিতলে তিনি পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করে নিবেন।
মঙ্গলবার ইসরায়েলে সাধারণ নির্বাচন। এর মাত্র তিন দিন আগে শনিবার এ প্রতিশ্রুতি দেন ইসরায়েলের ডানপন্থি দলগুলোর জোটের নেতা নেতানিয়াহু।
এর প্রতিক্রিয়ায় এরদোয়ান বলেন, এই পদক্ষেপ হবে ইসরায়েলের আরেকটি দখলদারিত্ব।
এমন সঙ্কটে তুরস্ক ফিলিস্তিনের পাশে থাকবে বলে জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরের ইহুদি বসতি অবৈধ, কিন্তু ইসরায়েল এর সঙ্গে দ্বিমত পোষণ করে আসছে।
পশ্চিম তীরের বসতিগুলোতে প্রায় চার লাখ ইহুদিকে পুনর্বাসন করেছে ইসরায়েল, আরও দুই লাখ ইহুদি পূর্ব জেরুজালেমে বসবাস করছে। অপরদিকে পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় ২৫ লাখ।
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজলেম ও গাজা ভূখণ্ড নিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনিরা।
পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতিগুলো কী করা হবে তা নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে তীব্র বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করেই ২০১৪ সাল থেকে দুপক্ষের মধ্যে শান্তি আলোচনা বন্ধ হয়ে আছে।
এই বসতিগুলোর উপস্থিতি ভবিষ্যত স্বাধীন রাষ্ট্রের বিষয়টিকে অসম্ভব করে রেখেছে বলে অভিযোগ ফিলিস্তিনিদের।
অপরদিকে ইসরায়েলিদের ভাষ্য, ফিলিস্তিনিরা সরাসরি শান্তি আলোচনা এড়ানোর জন্য বসতি ইস্যুটিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে।
