দক্ষিণ কোরিয়ায় দাবানলে মৃত ১, জরুরি অবস্থা ঘোষণা
দক্ষিণ কোরিয়ায় দাবানলে এরই মধ্যে একজনের মৃত্যু এবং কয়েকশ’ ভবন ধ্বংস হয়েছে। পরিস্থিতির ভয়াবহতার কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সিউলের উত্তর-পূর্বে গ্যাংওন প্রদেশের গসেওং কাউন্টির কাছাকাছি অবস্থিত একটি ট্রান্সফর্মার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রবল বাতাসের কারণে পরে তা পাহাড়ি অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে দাবানলে রূপ নিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মূল জায়গায় লাগা আগুন নেভানো গেলেও অন্যান্য জায়গায় আগুন এখনো জ্বলছে। আগুন নেভাতে কাজ করছে আট শতাধিক ফায়ার ইঞ্জিন। কয়েক হাজার সেনা দমকলকর্মীদেরকে সহযোগিতা করছে।
দেশটির প্রেসিডেন্ট মুন জে-ইন জরুরি বৈঠক ডেকে কর্মকর্তাদেরকে আগুন নেভাতে সম্ভাব্য সবধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নেভানোর কাজে সাড়ে ১৬ হাজারের মতো সেনা, ৩২টি মিলিটারি হেলিকপ্টার এবং ২৬টি মিলিটারি ফায়ার ট্রাক মোতায়েন করা হয়েছে।
প্রাদেশিক গভর্নর চই মুন-সুন স্থানীয় বেতারে এক সাক্ষাৎকারে বলেছেন, “সৌভাগ্যবশত আগুনের মূল উৎস নিয়ন্ত্রণে এসেছে কিন্তু অন্যান্য স্থানে আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে।”
সকচো অঞ্চলের আগুন পুরোপুরি এবং গ্যাংনেউং অঞ্চলের আগুন ৫০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া সরকার।
