প্রথম সমকামী এক কৃষ্ণাঙ্গ নারী মেয়র পেল শিকাগো
যুক্তরাষ্ট্রের বৃহত্তম নগরী শিকাগোয় প্রথমবারের মতো লরি লাইটফুট নামের এক সমকামী আফ্রিকান-আমেরিকান নারী মেয়র নির্বাচিত হয়েছেন। নিজের এ পরিচয়কে বেশ গর্বের সঙ্গেই তুলে ধরেছেন তিনি।
শপথ নেওয়ার পর নগরীর প্রথম সমকামী মেয়র হিসাবেই পরিচিতি পাবেন তিনি। নির্বাচনে জয়ের পর শিকাগোকে নতুন করে রূপান্তরের অঙ্গীকার করেছেন তিনি।
সাবেক কেন্দ্রীয় কৌসুলি লরি এর আগে কখনো কোনো রাজনৈতিক পদে ছিলেন না। ১৩ জন প্রার্থীর সঙ্গে নির্বাচনে লড়ে তিনি জয়ী হয়েছেন। চূড়ান্ত দফার ভোটেও তিনিই সবার আগে ছিলেন।
৫৬ বছর বয়সী লরি লাইটফুটকে নির্বাচনী দৌড়ে একজন বহিরাগত হিসাবেই দেখা হয়েছে। তিনি রাজনৈতিক দুর্নীতির অবসান ঘটানো এবং কম আয়ের পরিবারগুলোকে সহায়তার নির্বাচনী প্রতিশ্রুতির ভিত্তিতেই তার প্রচার চালিয়েছেন।
শিকাগোয় বিভিন্ন চক্রের সহিংসতা এবং খুনের মাত্রা বেশি হওয়ার কারণে বন্দুক সহিংসতা এবং পুলিশী প্রহরার বিষয়টিও তার কর্মসূচিতে প্রাধ্যান্য পেয়েছে।
লরি লাইটফুট এর আগে নগরীর পুলিশ একাউন্টেবিলিটি টাস্ক ফোর্সের নেতৃত্ব দিয়েছেন। শিকাগো পুলিশ বোর্ডেরও প্রধান ছিলেন তিনি।
বুধবারের নির্বাচনে আরেক আফ্রিকান-আমেরিকান নারী টনি প্রিকউইঙ্কেলের বিরুদ্ধে দ্বিতীয় দফা ভোটে চূড়ান্ত জয় পান লরি লাইটফুট। তিনি শিকাগোর বর্তমান মেয়র র্যাম এমানুয়েলের স্থলাভিষিক্ত হবেন।
