ভেনেজুয়েলায় ‘বিশেষজ্ঞদের’ পাঠানো হয়েছে, জানাল রাশিয়া
সামরিক একটি সহযোগিতা চুক্তির আওতায় ভেনেজুয়েলায় ‘রুশ বিশেষজ্ঞদের’ পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।
ভেনেজুয়েলা থেকে সব রুশ সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে নেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাক অগ্রাহ্য করে রাশিয়া একথা জানান দিল।
এ বিশেষজ্ঞরা আঞ্চলিক স্থিতিশীলতায় কোনো হুমকি নয় বলেই রাশিয়া দাবি করেছে। তবে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
মস্কোয় ভেনেজুয়েলার সামরিক অ্যাটাশে বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদেরকে ভেনেজুয়েলায় পাঠিয়েছে। তবে তারা কোনো সামরিক অভিযানে অংশ নেবেন না।
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করার পর বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতিতে রাশিয়া প্রেসিডেন্ট মাদুরোকে সমর্থন দিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বিরোধীদলীয় নেতা গুইদোকে সমর্থন দিয়ে মাদুরো সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাশিয়া গত শনিবার কারাকাসের বাইরে রুশ বিমান বাহিনীর দুটো বিমান পাঠিয়েছে। এসব বিমানে প্রায় ১শ’ রুশ সেনা এবং সাইবার নিরাপত্তা কর্মকর্তা সেখানে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে রাশিয়াকে ভেনেজুয়েলা থেকে সব সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানান। রাশিয়াকে সেনা সরাতে বাধ্য করতে সব বিকল্প হাতে আছে বলেও তিনি উল্লেখ করেন।
কিন্তু রাশিয়ার সঙ্গে ভেনেজুয়েলার দ্বিপক্ষীয় সম্পর্ক আছে এবং নানা চুক্তিও আছে। দু'দেশের মধ্যকার সামরিক-প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে আলোচনার সূত্রেই ভেনেজুয়েলায় রুশ সামরিক কর্মকর্তাদের উপস্থিতি বলে জানিয়েছেন অ্যাটাশে জোসে রাফায়েল তোরেলবা পেরেজ।
বৃহস্পতিবার এক সাপ্তাহিক ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কর্মকর্তাদেরকে কেবল ‘রুশ বিশেষজ্ঞ’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, “দুদেশের সরকারের মধ্যে সামরিক-প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় রুশ বিশেষজ্ঞরা ভেনেজুয়েলায় গেছেন। রাশিয়া এ এলাকায় ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করছে না। ওয়াশিংটনের কর্মকর্তাদের মতো কাউকে হুমকিও দিচ্ছে না।”
