বিশ্বে এখনো বহু দেশেই ‘সক্রিয়’ আইএস
কয়েক মাসের লড়াইয়ের পর অবশেষে সিরিয়ার বাঘুজে পতন ঘটেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস)। এর মধ্য দিয়ে অবসান হয়েছে তাদের স্বঘোষিত ৫ বছরের ‘খিলাফত’ এর।
আইএস এর জন্য এটি অনেক বড় পরাজয়। কিন্তু এতেই যে আইএস শেষ হয়ে গেছে এবং বিশ্বব্যাপী একটি দুর্ধর্ষ জঙ্গি গোষ্ঠী হিসাবে আইএস প্রাণঘাতী হামলা চালানোর সক্ষমতা হারিয়েছে তা নয়।
এখনও বহু দেশেই সক্রিয় আইএস এবং এর বিভিন্ন শাখা। অনলাইন প্রচারের মধ্য দিয়ে প্রায় প্রতিদিনই নানা জায়গায় হামলা চালানোর দায় স্বীকার করছে গোষ্ঠীটি।
বিবিসি’র পর্যবেক্ষণ থেকে উঠে আসা এক তথ্যে দেখা গেছে, ২০১৭ সালের শেষে সিরিয়া এবং ইরাকে বেশিরভাগ ভূখন্ড হারিয়েও আইএস গত বছর বিশ্বব্যাপী ৩ হাজার ৬৭০ টি হামলার দায় স্বীকার করেছে। এ হিসাবে তারা দিনে গড়ে ১১ টি হামলা চালিয়েছে। আর এ বছর প্রথম দু’মাসে বাঘুজ অবরুদ্ধ থাকার সময়ে আইএস চালিয়েছে ৫০২ টি হামলা।
আইএস খোদ যে কয়েকটি দেশ এবং অঞ্চলে তাদের উপস্থিতি থাকার ঘোষণা দিয়েছে সেগুলো হল: ইরাক, সিরিয়া, লিবিয়া, মিশর, ইয়েমেন, সৌদি আরব, আলজেরিয়া, খোরাসান (আফগানিস্তান-পাকিস্তান অঞ্চল), ককেশাস অঞ্চল, পূর্ব এশিয়া (বিশেষত ফিলিপিন্স), সোমালিয়া এবং পশ্চিম আফ্রিকা (বিশেষত নাইজেরিয়া)।
এর মধ্যে কোনো কোনো দেশ এবং অঞ্চলে আইএস তৎপরতা অপেক্ষাকৃত অনেক কমও আছে। যেমন: আলজেরিয়া এবং সৌদি আরবে আইএস তৎপরতা তেমন নেই। আবার ককেশাস অঞ্চলেও আইএস হামলার ঘটনা বিরল।
এ জিহাদি গোষ্ঠীটি সাধারণত তাদের বিরুদ্ধে অভিযানের পাল্টা জবাবে হামলা জোরদার করে। সম্প্রতি আইএস তাদের প্রচারের মধ্য দিয়ে তিউনিসিয়ায় তাদের তৎপরতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। তাছাড়া, এবার প্রথমবারের মত আইএস বুরকিনা ফাসোতেও তাদের উপস্থিতি ঘোষণা করেছে।
‘আইএস এখনো আছে এবং সম্প্রসারিত হচ্ছে’ চিরাচরিত এ স্লোগানের দিন যে এখনো ফুরায়নি- সেকথা অন্তত প্রচারের মধ্য দিয়ে হলেও আইএস বুঝিয়ে দিতে চাইছে তিউনিসিয়া এবং বুরকিনা ফাসোতে তাদের ওই উপস্থিতি ঘোষণার মধ্য দিয়ে।
তবে বিশ্বে ইরাক এবং সিরিয়াই আইএস এর সবচেয়ে বড় রণক্ষেত্র। ২০১৮ সালে বিশ্বব্যাপী আইএস যে মোট ৩ হাজার ৬৭০ টি হামলার দায় স্বীকার করেছে তার মধ্যে ১ হাজার ৭৬৭ টি হামলাই হয়েছে ইরাকে এবং ১ হাজার ১২৪ টি হয়েছে সিরিয়ায়।
তবে গতবছর আইএস এর অন্যান্য শাখার হামলাও অনেক বেশি নজরে পড়েছে। মধ্যপ্রাচ্যের বাইরেও যে তারা তৎপর সেটিও যেন গোষ্ঠীটি বুঝিয়ে দিতে চেয়েছে। ২০১৮ সালে আফগানিস্তানে ৩১৬ টি হামলা, মিশরের সিনাই উপদ্বীপে ১৮১ টি, সোমালিয়ায় ৭৩ টি, নাইজেরিয়ায় ৪৪ টি, ইয়েমেনে ৪১ টি এবং ফিলিপিন্সে ২৭ টি হামলার দায় স্বীকার করেছে আইএস।
সম্প্রতি কয়েকমাসে আইএস এর শাখা ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স নাইজেরিয়ায় অনেক বেশি সংখ্যক হামলা চালানোর দাবি করছে। সেখানে তাদের হামলার প্রধান লক্ষ্য সেনাবাহিনী। এর কারণ, গোষ্ঠীটি হয়ত সেনাদের অস্ত্র দখল করে তাদের শক্তি বাড়াতে চাইছে।
এবছর প্রথম তিনমাসে আইএস নাইজেরিয়ায় ৪৪ টি হামলার দায় স্বীকার করেছে। ২০১৮ সাল জুড়ে তারা নাইজেরিয়ায় যত হামলা চালিয়েছিল এবছর তিনমাসেই সেই একই সংখ্যক হামলা চালিয়ে ফেলেছে গোষ্ঠীটি।
জানুয়ারিতে প্রকাশিত একটি প্রচার ভিডিওতে আইএস ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স মুসলিমদেরকে ওই অঞ্চলে গিয়ে তাদের শাখায় যোগ দেওয়ার ডাক দিয়েছিল।এর মধ্য দিয়ে বিদেশিদের দলে ভেড়াতে প্রস্তুত থাকারই ইঙ্গিত দিয়েছিল গোষ্ঠীটি।
গত ২২ মার্চে আইএস ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স প্রথমবারের মত বুরকিনা ফাসোতে তাদের উপস্থিতি ঘোষণা করেছে। ফিলিপিন্সেও আইএস এর হামলা বাড়ছে।
গতবছর গোষ্ঠীটি যুক্তরাজ্য, স্পেনের বার্সেলোনা এবং যুক্তরাষ্ট্রের লাসভেগাসে বন্দুক হামলারও দায় স্বীকার করেছিল। যদিও এগুলোর কয়েকটি হামলায় আইএস তাদের দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি।
এ হামলাগুলো ছাড়াও গতবছর ফ্রান্সে ছুরি এবং বন্দুক হামলার চারটি ঘটনা এবং বেলজিয়াম, কানাডা ও অস্ট্রেলিয়ায় হামলার ঘটনা আইএস এর প্ররোচণাতেই ঘটেছিল বলে ধারণা করা হয়।
