২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান অলিম্পিক কমিটি প্রধানের পদত্যাগের ঘোষণা

দুর্নীতির অভিযোগ উঠার পর জাপানের অলিম্পিক কমিটির প্রধান (জেওসি) সুনেকাজু তাকেদা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2019, 07:49 PM

Updated : 08 Apr 2022, 03:58 PM

মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যমের সামনে তিনি পদত্যাগের ঘোষণা দেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

আগামী জুনে বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর তিনি পদত্যাগ করবেন এবং পুনরায় নির্বাচনে অংশ নেবেন না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকেও তাকেদা পদত্যাগ করছেন। তাকেদা ২০০১ সাল থেকে জেওসি প্রধানের দায়িত্ব পালন করছেন।

তাকেদার বিরুদ্ধে ২০২০ সালের অলিম্পিক আয়োজক দেশ ‍হিসেবে জাপানকে জেতাতে ২০ লাখ ইউরো ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে।

ফ্রান্সের একটি দল অভিযোগ নিয়ে গত ডিসেম্বর থেকে তদন্ত শুরু করেছে। এরইমধ্যে তাকেদাকে প্যারিসে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

মাদ্রিদ ও ইস্তাম্বুলকে হারিয়ে ২০১৩ সালে টোকিও অলিম্পিক (২০২০) আয়োজক দেশ হওয়ার সুযোগ পায়।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তাকেদা বলেন, “আমার বিশ্বাস, আমি অবৈধ কিছু করিনি। যে রটনা হচ্ছে তাতে আমি কষ্ট পাচ্ছি। তবে আমি বিশ্বাস করি, নিজেদের দলের হয়ে কাজ করা আমার দায়িত্ব।”

জাপান সরকার বরাবরই বৈধভাবে লড়াই করে ২০২০ সালের অলিম্পিক আয়োজক দেশ হতে পারার  জোরাল দাবি করে আসছে। ২০১৬ সালে জেওসির পক্ষ থেকে এক প্রতিবেদনে বলা হয়েছিল, তারা বৈধভাবে ‘কনসাল্টিং সার্ভিসেসের’ বিনিময়ে ওই অর্থ প্রদাণ করেছে।

যে কোম্পানির মাধ্যমে ‘ঘুষের অর্থ’ লেনদেনের অভিযোগ উঠেছে সেটার সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক প্রধান লামিন দিয়াকের ছেলের সম্পর্ক আছে বলে জানায় বিবিসি।

টোকিও যে বছর আয়োজক দেশ হওয়ার লড়াই জেতে সেবছর লামিন দিয়াক আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ছিলেন।

লামিন দিয়াকের ছেলে পাপা মাসাতা দিয়াকের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে।