ভারতে বিষাক্ত মদপানে শতাধিক মানুষের মৃত্যু
ভারতে দুই রাজ্যে বিষাক্ত মদপানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। অসুস্থ আরও বেশ কয়েকজনের চিকিৎসা চলছে।
সোমবার পুলিশ একথা জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার এবং প্রতিবেশী উত্তর প্রদেশের দুই জেলায় বিষাক্ত মদ পানে মৃত্যুর এ ঘটনা ঘটেছে।
মৃত এবং অসুস্থ সবার মধ্যেই একই লক্ষণ দেখা গেছে। তারা পেটে প্রচণ্ড ব্যাথা এবং শ্বাসকষ্টের কথা জানিয়েছে বলে জানান তাদের স্বজনরা।
বিষাক্ত মদ বিক্রির ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানান হরিদ্বার পুলিশের জ্যেষ্ঠ মহাপরিদর্শক জন্মিজাই প্রভাকর।
তিনি বলেন, “হরিদ্বারে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আরও প্রায় ১৮ জনের চিকিৎসা চলছে।”
তবে উত্তর প্রদেশে কত জনের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এবং ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ সেখানে অন্তত ৬৯ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে।
ভারতে স্থানীয়ভাবে তৈরি এ ধরনের বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে।
তবে ২০১১ সালের পর এবারই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেবার পশ্চিমবঙ্গে বিষাক্ত মদ পানে ১৭২ জনের মৃত্যু হয়েছিল।
অসুস্থ হয়ে পড়া একজনের স্ত্রী বলেন, “আমার স্বামী প্রচণ্ড পেটে ব্যাথার কথা বললে আমি তাকে ব্যাথা কমার ইঞ্জেকশন দেই। কিছুটা সুস্থ বোধ করলে বাড়ি ফিরে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু আবার ব্যাথা শুরু হলে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি এবং তাকে ভর্তি করা হয়।”
উত্তর প্রদেশের সাহারানপুর জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার পান্ডে জানান, চিকিৎসকরা আমাকে গত সপ্তাহে ‘যকৃতে সংক্রমণ এবং শ্বাসকষ্ট জনিত কারণে বহু মানুষ মারা গেছে’ বলে জানিয়েছেন।”
