২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে কার্ল মার্ক্সের সমাধি স্মৃতিস্তম্ভে হামলা

উত্তর লন্ডনের যে গোরস্তানে রাজনৈতিক দার্শনিক কার্ল মার্ক্সের কবর সেখানে তার স্মৃতিস্তম্ভে হামলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2019, 03:01 PM

Updated : 10 Oct 2022, 08:54 PM

ওই স্মৃতিস্তম্ভে একটি সাদা মার্বেল পাথরে কালো অক্ষরে খোদাই করে মার্ক্সের নাম, জন্ম ও মৃত্যুর তারিখ দেওয়া আছে; হামলাকারী হাতুরি দিয়ে পিটিয়ে ওই পাথরটি বিকৃত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত কয়েকদিনের মধ্যেই এ হামলাটি চালানো হয়েছে, এমনটি স্পষ্ট বোঝা গেছে বলে মঙ্গলবার জানিয়েছে হাইগেট সিমেট্রি ট্রাস্ট।

ঘটনাস্থল থেকে তোলা কয়েকটি ছবিতে দেখা গেছে ওই পাথরে মার্ক্স, তার স্ত্রী ও নাতির নামে থাকা এপিটাফ ক্ষতিগ্রস্ত হয়ে আছে।

এক টুইটে হাইগেট সিমেট্রি ট্রাস্ট বলেছে,“কার্ল মার্ক্সসের স্মৃতিস্তম্ভে ভাংচুর চালানো হয়েছে! দেখে মনে হয়েছে কেউ একজন হাতুরি নিয়ে এখানে এসেছিল।

“এটি গ্রেড ওয়ান হিসেবে তালিকাবদ্ধ একটি স্মৃতিস্তম্ভ; এই ঐতিহ্য ঠিক করার আর কোনো উপায় নেই। আমরা যতটা সম্ভব মেরামতের চেষ্টা করবো।”

জার্মানির এই বিপ্লবী সাম্যবাদী রাজনীতিক, ‘ডাস ক্যাপিটালের’ লেখক ও ‘কমিউনিস্ট ম্যানিফেস্টোর’ সহলেখক ১৮৪৯ থেকে ১৮৮৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত লন্ডনে বাস করেছেন। 

এর আগেও তার স্মৃতিস্তম্ভে হামলা চালিয়ে রঙ লাগিয়ে দেওয়া হয়েছিল। তারও আগে ১৯৭০-র দশকে এই স্মৃতিস্তম্ভটি বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।

মঙ্গলবার পুলিশ জানিয়েছে, কবরস্থানটিতে অপরাধীরা হামলা চালিয়েছে এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন।

“প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে এবং এ পর্যায়ে তদন্ত বন্ধ করা হয়েছে। এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া গেলে তা তদন্ত করে দেখা হবে,” এক বিবৃতিতে বলেছে তারা।       

সম্প্রতি লন্ডনের বেশ কয়েকটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভে হামলার ঘটনা ঘটেছে।

গত মাসে এক হামলার ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মূর্তিতে রঙ ছুঁড়ে মারা হয়েছিল। আরেকটি ঘটনায় লন্ডনের গ্রিন পার্কের একটি ভাস্কর্যেও রঙ ছুড়ে মারা হয়েছিল।

এসব ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।