বাড়িতে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত ৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একটি বাড়ির উপর পড়ে পাইলটসহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে লস এঞ্জেলেসের ইওর্বা লিন্ডা শহরতলীতে এ দুর্ঘটনার পর বাড়ির ভেতর থেকে পাইলট এবং আরও চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা বলেছে, বাড়িটির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় দুই ইঞ্জিনবিশিষ্ট ওই উড়োজাহাজটিতে আগুন ধরে গিয়ে সেটি বিধ্বস্ত হয়। জলন্ত ধ্বংসাবশেষ জানালা ভেঙে ভেতরে পড়ে পুরো বাড়িতে আগুন ধরে যায়।
অরেঞ্জ কাউন্টি শেরিফের কার্যালয় থেকে এ ঘটনায় আরও দুইজন দগ্ধ হওয়ার খবর জানানো হয়েছে।
স্থানীয় একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের ১০ মিনিটের মাথায় উড়োজাহাজটি আবাসিক এলাকার উপর বিধ্বস্ত হয়। শহরের প্রায় চার ব্লক জুড়ে সেটির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে একটি বাড়িতে আগুন ধরে যায়।
লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুই পুরুষ ও দুই নারী আগুনে পুড়ে মারা যান।
