ট্রাম্পের ভূগোল জ্ঞান: নেপাল-ভুটান `ভারতের অংশ'
হোয়াইট হাউসে দক্ষিণ এশিয়া সংক্রান্ত এক বিশেষ বৈঠকে নিজের ভূগোল জ্ঞান জাহির করে গোয়েন্দাদের চোখ কপালে তুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৈঠকটিতে তিনি নেপাল ও ভুটানকে ‘ভারতের অংশ’ দাবি করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইম ম্যাগাজিন।
ইরান ও উত্তর কোরিয়া নিয়ে কয়েকদিন আগেই ট্রাম্প গোয়েন্দাপ্রধানদের বার্ষিক মূল্যায়ন নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, ‘তারা একেবারেই কাঁচা, কেউ কিচ্ছু বোঝেন না’। এবার খোদ প্রেসিডেন্টেরই এ ভূগোল জ্ঞানের বহর সবার সামনে এল।
গোয়েন্দা ও কংগ্রেসনাল কর্মকর্তাদের বরাত দিয়ে টাইম জানায়, বৈঠকের ব্রিফিংয়ে ট্রাম্পের জন্য দক্ষিণ এশিয়ার একটি মানচিত্র নিয়ে আসেন তার উপদেষ্টারা।আলোচনার বিষয়বস্তু ছিল দক্ষিণ এশিয়া। কথাবার্তা চলার সময় হঠাৎই মানচিত্রের নেপাল অংশে আঙুল রেখে দেশটিকে ভারতের অংশ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
এমন কথা শুনে অস্বস্তিতে পড়েন সেখানে উপস্থিত কর্মকর্তারা। পরে তাকে ভুল ধরিয়ে দেওয়া হয়। বলা হয়, নেপাল একটি স্বাধীন দেশ।
তাতেও দমেননি ট্রাম্প; ভুটানকেও ভারতের অংশ দাবি করে বাকিদের চোখ কপালে তুলে দেন তিনি।
দক্ষিণ এশিয়া নিয়ে ট্রাম্পের জ্ঞানের বহর এর আগেও গণমাধ্যমের নজরে পড়েছিল। মার্কিন প্রেসিডেন্ট যে নেপালকে ‘নিপল’ ও ভুটানকে ‘বাটন’ বলেছিলেন, গত বছরের অগাস্টে এক প্রতিবেদনে তাও জানিয়েছিল মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন গোয়েন্দাদের মতবিরোধের খবর নতুন নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ার সঙ্গে রিপাবলিকান প্রচার শিবিরের আঁতাতের প্রসঙ্গে দুই পক্ষের অবস্থান দুই মেরুতে।
দিন কয়েক আগেও দেশের গুপ্তচর ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে টুইটারে তোপ দেগেছিলেন তিনি। ইরান নিয়ে সিনেটে দেওয়া মূল্যায়নকে ‘ভ্রান্ত’ অ্যাখ্যা দিয়ে গোয়েন্দাদের নতুন করে স্কুলে ভর্তি হওয়া উচিত বলেও কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
টাইম ম্যাগাজিনকে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, তার সঙ্গে কেউ একমত না হলেই প্রচণ্ড রেগে যান ট্রাম্প। এ কারণে পারতপক্ষে প্রেসিডেন্টকে শলা-পরামর্শ দেওয়া থেকেও বিরত থাকেন তারা।
