হেলিকপ্টার দুর্ঘটনা, অক্ষত নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট
অবতরণের সময় বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়লেও নিরাপদ আছেন নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়েমি অসিবাইজো।
শনিবার একথা জানিয়েছেন তার মুখপাত্র লাওলু আকান্দে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আগামী ১৬ ফেব্রুয়ারি নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি ও তার ডেপুটি আসিবাইজো।
নির্বাচনী প্রচারণার জন্য সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন তারা। এ রকম এক প্রচারণা সফরে হেলিকপ্টার যোগে দেশটির উত্তরমধ্যাঞ্চলীয় রাজ্য কোগিতে গিয়েছিলেন আসিবাইজো।
রাজ্যটি কাব্বা এলাকায় তাকে বহনকারী হেলিকপ্টারটি নামার সময় দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনা সত্বেও ভাইস প্রেসিডেন্ট ও হেলিকপ্টারের সব ক্রুসহ সবাই অক্ষত আছেন বলে এক টুইটে জানিয়েছেন মুখপাত্র আকান্দে।
হেলিকপ্টার দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
