২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বহরে দীর্ঘ-পাল্লার ক্রুইজ ক্ষেপণাস্ত্র যুক্ত করল ইরান

ইসলামি বিপ্লবের বার্ষিকী উদযাপনের সময় এক হাজার ৩০০ কিলোমিটার (৮০০ মাইল) পাল্লার একটি ক্রুইজ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বহরে যুক্ত করেছে ইরান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2019, 07:52 PM

Updated : 08 Apr 2022, 03:47 PM

শনিবার এক অনুষ্ঠানে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি ক্ষেপণাস্ত্রটির পর্দা উন্মোচন করেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ওই অনুষ্ঠানে হাতামি বলেছেন, “এই ক্রুইজ ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত হতে খুব অল্প সময় নেয় এবং কম উচ্চতা দিয়ে উড়তে পারে।” 

ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির নাম হোভেইজেহ এবং এটি সৌমার ক্রুইজ ক্ষেপণাস্ত্র পরিবার থেকে এসেছে বলে জানিয়েছেন হাতামি।

সৌমার ক্রুইজ ক্ষেপণাস্ত্র ২০১৫ সালে ইরানের প্রতিরক্ষা বহরে যুক্ত হয়েছিল।

এই অনুষ্ঠানে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর এয়ারোস্পেস বিভাগের প্রধান আমিরালি হাজিজাদেহ বলেছেন, ক্রুইজ ক্ষেপণাস্ত্রের জন্য জেট ইঞ্জিন তৈরিতে প্রথম দিকে যে সমস্যা হয়েছিল ইরান তার সমাধান করেছে এবং এ ধরনের সব রকম পাল্লার ক্ষেপণাস্ত্র এখন তৈরি করতে পারবে।

ইরানের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ থাকলেও ইরান তাদের অস্ত্রের সক্ষমতা বাড়িয়ে বলে মনে করেন পশ্চিমা বিশেষজ্ঞরা।