২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার নতুন রাজা সুলতান আব্দুল্লাহর অভিষেক

মালয়েশিয়ার নতুন রাজা হিসাবে শপথ নিয়েছেন পাহাং রাজ্যের সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 11:21 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

বৃহস্পতিবার হালকা নীল রঙের ঐতিহ্যবাহী পোশাক পরে কুয়ালালামপুরের ন্যাশনাল প্যালেসে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে সিংহাসনে আবদুল্লাহর অভিষেক হল।

শপথ গ্রহণের পর রাজাকে গার্ড অব অনার দেওয়া হয় এবং ২১ বার তোপধ্বনি করা হয়। এ সময় তার স্ত্রী তুংকু আজিজাহ আমিনাহ মাইমুনাহও উপস্থিত ছিলেন।

দুই বছর আগে রাজা নির্বাচিত হওয়া কেলান্তানের সুলতান মোহাম্মদ (পঞ্চম) গত ৬ জানুয়ারি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এরপরই ‘কাউন্সিল অব রুলারস’ গত ২৪ জানুয়ারিতে ভোট দিয়ে সুলতান আবদুল্লাহকে নতুন রাজা নির্বাচন করে।

মালয়েশিয়ার ১৬তম রাজা হলেন আবদুল্লাহ। দেশের নিয়ম অনুযায়ী এখন তিনি আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করবেন। রাজাকে স্থানীয়ভাবে  ‘ইয়াং দি-পারতুয়ান আগং' বলা হয়।

মালয়েশিয়ায় ‘রাজা' মূলত অলংকারিক পদ। তবে প্রধানমন্ত্রীসহ বেশ কিছু জ্যেষ্ঠ পদে নিয়োগের জন্য রাজার অনুমোদন প্রয়োজন হয়।

তাছাড়া, মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ায় রাজা হচ্ছেন ইসলামের অভিভাবক এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন-চিফ। তার কাউকে ক্ষমা করে দেওয়ারও ক্ষমতা আছে।

পুরনো খবর:

মালয়েশিয়ার নতুন রাজা সুলতান আব্দুল্লাহ