ভেনেজুয়েলায় কলম্বিয়া, স্পেন, ফ্রান্সের সাংবাদিক আটক
ভেনেজুয়েলায় চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে কলম্বিয়া, স্পেন ও ফ্রান্সের সাংবাদিকদের আটক করেছে কর্তৃপক্ষ।
বুধবার এ সাংবাদিকদের সঙ্গে তাদের গাড়িচালককেও আটক করা হয়। স্পেনীয় সংবাদ সংস্থা ইএফই’র হয়ে কাজ করছিলেন তারা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-বিরোধী সংবাদ সংগ্রহের কারণে তাদের আটক করা হয়।
সরকারবিরোধী বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে কলম্বিয়ার ফটোগ্রাফার লিউনার্দো মুনোজ ও তার ভেনেজুয়েলান গাড়ি চালক জোসে সালাস গ্রেপ্তার হন।
কারাকাসে ইএফই’র ব্যুরো প্রধান নেলিদা ফার্নান্দেজ বলেছেন, এর কয়েক ঘণ্টা পর গোয়েন্দা কর্মকর্তারা স্প্যানিশ রিপোর্টার গঞ্জালো ডোমিনগুয়েজ লোয়েদা এবং কলম্বিয়ার টিভি প্রডিউসার মরেন ব্যারিগা ভার্গাসকে তাদের হোটেল থেকে আটক করে।
এ দলটি চলতি মাসের শুরুতে কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকে সংবাদ সংগ্রহ করতে ভেনেজুয়েলায় যায়। স্পেন সরকার এ গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়েছে এবং কারাকাসকে সাংবাদিকদের সঙ্গে সঙ্গে গাড়িচালককেও অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
এ গ্রেপ্তারের ঘটনার আগে চলতি সপ্তাহে চিলির দুই সাংবাদিককে আটক করে দেশে ফেরত পাঠিয়েছে ভেনেজুয়েলা।
ফ্রান্সের এক কূটনৈতিক কর্মকর্তা বুধবার বলেছেন, ভেনেজুয়েলার চলমান ডামাডোলের খবর সংগ্রহ করতে গিয়ে এদিন দুই ফরাসি সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন এবং ফরাসি দূতাবাস তাদের মুক্তির জন্য চেষ্টা চালাচ্ছে।
ফরাসি ওই প্রতিবেদকরা টিএফ১ টেলিভিশনের একটি প্রোগ্রামের জন্য কাজ করছিলেন। তবে টিএফ১ কর্তৃপক্ষ এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
ছয় বছর আগে হুগো শ্যাভেজের মৃত্যুর পর ভেনেজুয়েলার ক্ষমতায় আসা ৫৬ বছরের মাদুরোকে আগে কখনো এতবড় সংকটের মুখে পড়তে হয়নি।
গত বছরের ভোটে মাদুরো জয়লাভ করলেও কারচুপির অভিযোগে দেশটির বিরোধীদল ওই ভোট বয়কট করে। আন্তর্জাতিক অঙ্গনও ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আবারও নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে। ওই আহ্বান উপেক্ষা করে গত মাসে দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নেন মাদুরো।
এরপরই তার বিরুদ্ধে আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। চলমান সরকারবিরোধী বিক্ষোভের মাঝেই গত ২৩ জানুয়ারি বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রসহ বহু দেশ।
