২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের পাইপে বিস্ফোরণ: মেক্সিকোয় নিহত বেড়ে ৭৯

মেক্সিকোর মধ্যাঞ্চলে সন্দেহভাজন তেল চোরদের ছিদ্র করা একটি তেলের পাইপলাইনে বিস্ফোরণ ঘটে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2019, 11:52 AM

Updated : 10 Oct 2022, 08:52 PM

শুক্রবার সন্ধ্যায় হিদালগো রাজ্যের লাউয়ালিলপান শহরের কাছে ঘটনাটি ঘটে। এটি মেক্সিকোর তেলের পাইপলাইনে ঘটা দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম প্রাণঘাতী ঘটনা।

ছিদ্র দিয়ে পড়তে থাকা তেল কন্টেইনারে ভরে নিতে স্থানীয় কয়েকশ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে হুড়োহুড়ি করছিলেন, প্রায় উৎসবের মতো পরিস্থিতিতে হঠাৎ বড় ধরনের বিস্ফোরণ ঘটে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের ধাক্কায় জড়ো হওয়া লোকজন চারদিকে ছিটকে পড়েন। পরনের কাপড়ে আগুন ধরে তারা মারাত্মকভাবে দগ্ধ হন। আহত কয়েকজনের শরীরের অধিকাংশই পুড়ে গেছে। মারাত্মক আহত অল্প বয়স্কদের অধিকাংশকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসেও পাঠানো হতে পারে।

হিদালগো  রাজ্যের অ্যাটর্নি জেনারেল রাউল আরোয়ো জানান, ৫৪টি দেহ এত বেশি পুড়ে গেছে যে, তাদের পরিচয় শনাক্ত করতে দীর্ঘ সময় লেগে যাবে।

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদর তেল চুরি রোধ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার পর থেকে ওই এলাকায় পেট্রল সরবরাহে ঘাটতি তৈরি হয়েছিল বলে রয়টার্সকে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ৫০ বছর বয়সী কৃষক ইসাইয়াস গার্সিয়া বলেন, “স্টেশনগুলোতে গ্যাস না থাকায় তাদের গাড়ির জন্য একটু গ্যাসোলিন সংগ্রহ করা যায় কি না সেই উদ্দেশ্যে সবাই এসেছিল।”

ঘটনার সময় দুই প্রতিবেশীসহ গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে একটু দূরে অপেক্ষা করছিলেন গার্সিয়া। “জ্বলতে জ্বলতে ও চিৎকার করতে করতে কিছু লোক বের হয়ে আসে,” বলেন তিনি।

স্থানীয় সময় রাত শুক্রবার ১২টার সময় আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছেন মেক্সিকোর জননিরাপত্তামন্ত্রী আলফোনসো দুরাজো।

তেল চুরি রোধ করতে ডিসেম্বরের শেষ দিকে পাইপলাইন বন্ধ করে দেওয়ার আদেশ দেন ওব্রাদর। কিন্তু এতে হিদালগোসহ মেক্সিকোর মধ্যাঞ্চলে জ্বালানি সংকট দেখা দেয়। স্থানীয় গণমাধ্যম চলতি সপ্তাহে জানিয়েছে, অর্ধেকেরও বেশি গ্যাস স্টেশন একই সময় বন্ধ ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসা ভিডিও’তে দেখা গেছে, বিস্ফোরণের আগে দিনের আলোতে সশস্ত্র বাহিনীর উপস্থিতিতে লোকজন পাইপলাইন থেকে বালতি ও কন্টেইনারে তেল ভরছে।

শনিবার প্রথম প্রহরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদর।