২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে শিশু উদ্ধার

রাশিয়ার দক্ষিণ উরাল অঞ্চলে ‘গ্যাস বিস্ফোরণে’ একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ার ৩৫ ঘণ্টা পর ধ্বংসস্তুপের নিচ থেকে ১১ মাসের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Jan 2019, 11:07 PM

Updated : 08 Apr 2022, 03:39 PM

হিমাঙ্কের নিচে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশুটির বেঁচে থাকাকে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন উদ্ধারকর্মীরা। 

গত সোমবার রাতে মাগনিতাগোর্সক শহরে ১০ তলা ওই ভবনটির একাংশ ধসে পড়ে অন্তত সাতজন নিহত হয়। এখনও নিখোঁজ রয়েছে ৩৬ জন।

ওই ভবনে মোট ১১০ জন লোক বাস করত। বিস্ফোরণে ভবনের ৪৮টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা সংস্থা আরআইএ জানায়। ভেঙে পড়া অংশ থেকে ১৬ জনকে উদ্ধার করা হয়।

রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা একটি ভিডিওতে এক উদ্ধারকর্মীকে গোলাপি রঙের পোশাক পরা একটি শিশুকে ধ্বংসস্তুপের নিচ থেকে বের করে কম্বলে পেঁচিয়ে অ্যাম্বুলেন্সের দিকে দৌড় দিতে দেখা যায়।

গুরুতর ‘ফ্রিজার বার্ন’র শিকার শিশুটির চিকিৎসা চলছে। তার মাথাও বড় আঘাতের চিহ্ন আছে বলে জানান চিকিৎসকরা।

তাস নিউ এজেন্সি জানায়, শিশুটিকে তার বিছানা থেকে উদ্ধার করা হয়। তার গায়ে কয়েক স্তর কম্বল পেঁচানো ছিল। খুব সম্ভবত এ কারণে সে বেঁচে যায়।

তার কান্না শুনে উদ্ধারকর্মীরা তার অবস্থান বুঝতে পারে। শিশুটির মাও বেঁচে আছেন। তিনি সন্তানকে হাসপাতালে দেখতে গেছেন।