২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২২ বিশ্বকাপ: ফাইনাল খেলার মাঠের নকশা দেখাল কাতার

চার বছর পর ফুটবল বিশ্বকাপের ফাইনাল যে মাঠে হবে, তার নকশা উন্মোচন করেছে কাতার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2018, 04:56 PM

Updated : 08 Apr 2022, 07:29 PM

শনিবার জমকাল এক অনুষ্ঠানে কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল থানি লুজাইল স্টেডিয়ামের নকশা উন্মোচন করেন বলে জানিয়েছে এনডিটিভি।

অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ছাড়াও বিশ্ব ফুটবেলর নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও কাতারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ উপলক্ষে কাতার যে ৮টি নতুন মাঠ বানানোর পরিকল্পনা হাতে নিয়েছিল,  ৮০ হাজার দর্শক ধারণক্ষম লুজাইলের এ স্টেডিয়ামের নির্মাণের মধ্য দিয়েই তা শেষ হবে।

দেশটির বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান হাসান আল থোয়াদি ফাইনালের স্টেডিয়ামের নকশা উন্মোচনকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ অ্যাখ্যা দিয়েছেন।

“সবগুলো মাইলফলকই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। স্টেডিয়ামের নকশার ঘোষণা আমাদের জন্য খুব, খুবই গুরুত্বপূর্ণ। তার ওপর এটাই শেষ স্টেডিয়াম,” বলেছেন তিনি।

ব্রিটিশ প্রতিষ্ঠান ফস্টার অ্যান্ড পার্টনারসের বানানো এ স্টেডিয়ামের নকশায় আরবের স্থাপনাশৈলীই প্রাধান্য পেয়েছে বলেও জানিয়েছে আয়োজক কমিটি।

রাজধানী দোহার ১৫ কিলোমিটার উত্তরে ৪ হাজার ৫০০ কোটি ডলারে নির্মিত নতুন শহর লুজাইলে এ স্টেডিয়ামটি নির্মিত হতে যাচ্ছে। এটি কাতারের প্রতিষ্ঠাতা শেখ জসিম বিন মোহাম্মদ বিন থানি আল থানির পুরনো বাড়ির কাছে বলেও এনডিটিভি জানিয়েছে।

বিশ্বকাপ উপলক্ষে কাতার যে বিরাট পরিকল্পনা হাতে নিয়েছে তা ২০২০ সাল নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

২০২২ সালের ওই বিশ্বকাপে এখনকার মতো ৩২টি দল খেলবে, নাকি দলের সংখ্যা বাড়িয়ে ৪৮ করা হবে তা নিয়ে আলোচনার মধ্যেই ফাইনালের স্টেডিয়ামের এ নকশা উন্মোচিত হল।

ফিফা বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানো নিয়ে পর্যালোচনাও চালাচ্ছে। বলা হচ্ছে, দল ও খেলার সংখ্যা বাড়লে পরের বিশ্বকাপের কিছু খেলা কাতারের বাইরে আরবের অন্যান্য দেশেও গড়াতে পারে।

থোয়াদি বলছেন, কাতারের পাশাপাশি আরবের অন্য কোনো দেশকে আয়োজকের মর্যাদা দেওয়া হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার দোহারও আছে।

“চূড়ান্ত অর্থে বিশ্বকাপের আয়তন বাড়বে কিনা তা ফিফা আর কাতারকেই ঠিক করতে হবে,” ভাষ্য তার।