২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সাড়ে ৪ হাজার বছরের পুরনো সমাধির সন্ধান

মিশরের প্রত্নতত্ত্ববিদরা রাজধানী কায়রোর কাছে চার হাজার চারশ বছরের পুরনো একটি সমাধির সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2018, 03:29 PM

Updated : 08 Apr 2022, 07:29 PM

সাকারা পিরামিড কমপ্লেক্সের ভেতর পাওয়া ওই সমাধিটি রংবেরংয়ের হায়ারোগ্লিফস ও ফারাওদের ভাস্কর্য দিয়ে ভরা। 

রোববার থেকে সমাধির ভেতরের অংশের খনন কাজ শুরু হবে বলে জানিয়েছে বিবিসি।

প্রায় অবিকৃত এ সমাধিটি প্রাচীন মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতা ওয়াহেতেইর বলে মনে করা হচ্ছে। সমাধির ভেতরে ওই সর্বোচ্চ ধর্মগুরুর সঙ্গে তার মা, স্ত্রী ও অন্যান্য আত্মীয়দের মনোমুগ্ধকর চিত্র অঙ্কিত রয়েছে।  

খননের পর এ সমাধি থেকে লিপিখচিত শবাধারসহ আরও অনেক কিছু মিলবে বলে আশা প্রত্নতত্ত্ববিদদের।

মিশরের পুরাকীর্তি বিষয়ক সুপ্রিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মোস্তফা ওয়াজিরি এ আবিষ্কারকে ‘গত কয়েক দশকের মধ্যে অনন্য’ হিসেবে অভিহিত করেছেন।

ওয়েহতেই এর এ সমাধিটি প্রাচীন মিশরের বিস্তৃত সাকারা সমাধিক্ষেত্রের অন্তর্ভূক্ত; এখানেই প্রথম দিককার পিরামিডগুলোর সন্ধান মিলেছিল। 

১০ মিটার দীর্ঘ, তিন মিটার প্রশস্ত ও প্রায় একই উচ্চতার সমাধিটির রং চার হাজার চারশ বছর ধরেই অবিকৃত থাকায় বিস্মিত বিশেষজ্ঞরাও।

ভেতরে থাকা পুরাকীর্তিগুলো মিশরের পঞ্চম রাজবংশের সময় বানানো হয়েছিল বলে মনে করা হচ্ছে। ওই পঞ্চম রাজবংশ মিশরকে খিস্টপূর্ব দুই হাজার ৫০০ সালের কাছাকাছি থেকে দুই হাজার তিনশ ৫০ সাল পর্যন্ত শাসন করেছিল।