২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কর আইনের বিরুদ্ধে বিক্ষোভ জর্ডানে

সপ্তাহ দুয়েক আগে পাস হওয়া নতুন একটি কর আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে জর্ডানের কয়েকশ নাগরিক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2018, 01:45 PM

Updated : 08 Apr 2022, 07:25 PM

শুক্রবার রাজধানী আম্মানের কেন্দ্রস্থলে এ বিক্ষোভ হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল সমর্থিত নতুন এ কর আইন ধনী-দরিদ্রের ব্যবধান আরও বাড়াবে এবং মধ্যবিত্তকে সংকুচিত করবে, বলছেন সমালোচকরা।

সরকারি ঋণ কমাতে করের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেওয়া এ আইনে সরকারি সংস্থাগুলোর ব্যয় ও দুর্নীতি কমানোরও কার্যকর প্রতিশ্রুতি নেই।

কর ব্যবস্থা সংস্কারে নতুন একটি অইনের প্রস্তাবে জনসাধারণের বিক্ষোভের মুখে জুনে সরকার বদলে দিয়েছিলেন দেশটির বাদশা আবদুল্লাহ।

নতুন সরকারের অধীনে পার্লামেন্টে পাস হওয়া আইনটিকে আগের সরকারের প্রস্তাবিত আইনের ‘মুখোশ’ হিসেবেই দেখছেন বিক্ষোভকারীরা। আইনটির বাতিল চেয়ে বিভিন্ন অঞ্চলে বিক্ষোভও হয়েছে।

আম্মানে জড়ো হওয়া কয়েকশ আন্দোলনকারী প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে স্লোগানও দিয়েছেন। তারা রাজ্জাজের কার্যালয়ের দিকে যেতে চাইলেও পুলিশ তাদের ঘিরে রাখে।

বিক্ষোভকারীরা এসময় ‘রাজ্জাজ চলে যাও’, ‘চোরের সরকার’ স্লোগান দিয়ে দেশের অর্থনীতির দুরবস্থার জন্য সরকারকে দায়ী করেন।