আফগানিস্তানে ব্রিটিশ নিরাপত্তা কম্পাউন্ডে হামলা, নিহত ১০
জি৪এস নামক ব্রিটিশ নিরাপত্তা কম্পাউন্ডে বুধবার এ হামলা হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ব্রিটিশ নিরাপত্তা কম্পাউন্ডে জঙ্গি হামলায় অন্তত ১০ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।
বুধবার জি৪এস নামক ব্রিটিশ নিরাপত্তা কম্পাউন্ডে এ হামলা হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানীশ।
তিনি জানান, একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের পর কয়েকজন বন্দুকধারী কম্পাউন্ডে ঢুকে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়।
পুলিশের প্রধান মুখপাত্র বশির মুজাহিদ বলেছেন, গোলাগুলি বন্ধ হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
হামলার দায় কেউ স্বীকার করেনি। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জাতিসংঘ পরিচালিত জেনেভা সম্মেলনে তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তিচুক্তির পরিকল্পনার কথা বলার কয়েক ঘণ্টা পরই কাবুলের কম্পাউন্ডে এ হামলা হল।
