ইউক্রেইনের আজোভ সমুদ্র বন্দর বন্ধ করেছে রাশিয়া
আজোভ সাগরে ইউক্রেইনের দু’টো বন্দর বন্ধ করেছে রাশিয়া। সেখান দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে ইউক্রেইন।
ইউক্রেইনের অবকাঠামো মন্ত্রী ভলোদিমির ওমেলায়ান বৃহস্পতিবার তার ফেইসবুকে বলেছেন, মোট ৩৫ টি জাহাজকে স্বাভাবিক চলাচলে বাধা দেওয়া হয়েছে। আর আজোভ সাগরে রাশিয়ার বন্দর অভিমুখী জাহাজগুলোই কেবল প্রবেশের অনুমতি পেয়েছে।
আজোভ সাগরে ইউক্রেইনের বারডায়ান্সক এবং মারিউপোল বন্দরে রাশিয়ার এ অবরোধের কারণে ১৮ টি জাহাজ সাগরে প্রবেশের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন ওমেলায়ান। এর মধ্যে ৪ টি জাহাজের গন্তব্য হচ্ছে, বারডায়ান্সক বন্দর আর ১৪ টি’র গন্তব্য মারিউপোল।
তাছাড়া, আজোভ সাগর ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে ৯ টি জাহাজ এবং আরো ৮ টি জাহাজ বন্দরের জেটির কাছে দাঁড়িয়ে আছে।
বন্দর বন্ধ করে দিয়ে রাশিয়া ইউক্রেইনকে তাদের অঞ্চল থেকেই হঠাতে চাইছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী ভলোদিমির ওমেলায়ান। আজোভ সাগর দিয়ে জাহাজে করে মূলত শস্য এবং ইস্পাতের চালান আসে।
গত রোববার রাশিয়া অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেইনের নৌবাহিনীর তিনটি জাহাজ আটক করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ২০১৫ সালের পর দু’দেশের মধ্যে এ সময়টিতেই চরম উত্তেজনা বিরাজ করছে।
