২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে এবার পুরস্কার জয়ী আলোকচিত্রী নিখোঁজ

ইন্টারপোলের সাবেক প্রেসিডেন্ট মেং হোংউইর পর এবার আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী চীনা আলোকচিত্রী লু গুয়াং চীন সফরে গিয়ে নিখোঁজ হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2018, 08:48 PM

Updated : 19 Aug 2022, 02:57 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দা লু গুয়াং গতমাসে একটি সেমিনারে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়ে চীনের জিনজিয়াং প্রদেশে গিয়েছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী জু জিয়াওলি।

গত ৩ নভেম্বর সর্বশেষ স্বামীর সঙ্গে কথা বলেছেন বলে বিবিসিকে জানান জু।

পরে তিনি জানতে পারেন, চীনের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা লু কে তুলে নিয়ে গেছে।

চীনা সরকার ক্ষুব্ধ হতে পারে এমন কোনো কাজ তার স্বামী করেছেন কিনা এ বিষয়ে কিছু জানেন না বলেও জানান জু।

তিনবার ‘ওয়ার্ল্ড প্রেস ফটো’ পুরস্কার বিজয়ী লু চীনের পরিবেশ ও সামাজিক অবস্থা নিয়ে কাজ করছেন।

বিবিসি জানায়, আলোকচিত্র বিষয়ে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে গত ২৩ অক্টোবর লু জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকিতে যান। সেখান থেকে চেন নামে এক বন্ধুর সঙ্গে দেখা করতে তার সিচুয়ান প্রদেশে যাওয়ার কথা ছিল। সিচুয়ানে একটি দাতব্য অনুষ্ঠানেও যোগ দেওয়ার পরিকল্পনা ছিল লুর।

কিন্তু চেন সিচুয়ান গিয়ে লুর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন এবং নিউ ইয়র্কে জু’র সঙ্গে যোগাযোগ করে লু সম্পর্কে জানতে চান।

জু জানান, তিনি নিজেও লু কোথায় আছে জানেন না। সর্বশেষ ৩ নভেম্বর তিনি স্বামীর সঙ্গে কথা বলেছেন।

যে ব্যক্তি লুকে চীনে আমন্ত্রণ জানিয়েছিলেন জু তার সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন লু এবং তাকে যে আমন্ত্রণ জানিয়েছে উভয়কেই ন্যাশনাল সিকিউরিটি থেকে তুলে নিয়ে গেছে।

পরে ঝেজিয়াং প্রদেশে লুর শহরের এক কর্মকর্তা তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি ‍জুকে নিশ্চিত করেন। এ বিষয়ে তিনি আর কোনো তথ্য দেননি বলে জানান জু।

পরে টুইটারে এক পোস্টে জু লেখেন, “সে ২০ দিনের বেশি সময় ধরে নিখোঁজ আছে এবং তার পরিবারের সবচেয়ে কাছের সদস্য হিসেবে তাকে গ্রেপ্তারের কোনো তথ্য আমাকে জানানো হয়নি। আমি বারবার জিনজিয়াং প্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি।

“আগামী সপ্তাহে আমাদের বিয়ের ২০ বছর পূর্ণ হবে। আমরা একসঙ্গে তা উদযাপন করতে চাই। এখন আমি শুধু তার নিরাপদে বাড়ি ফেরার আশা করতে পারি।”

 

চীনের সর্বপশ্চিমের প্রদেশগুলোর একটি জিনজিয়াংয়ে উইঘুর মুসলমান সম্প্রদায়ের বাস। যে কারণে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অনেক বেশি।

গত ২৫ সেপ্টেম্বর ফ্রান্সের লিওঁ থেকে চীনে যাওয়ার পর নিখোঁজ হন ইন্টারপোলের তৎকালীন প্রেসিডেন্ট মেং হোংউই। শুরুতে চুপচাপ থাকলেও পরে চীন ঘুষ গ্রহণের অভিযোগে তাকে গ্রেপ্তারের কথা স্বীকার করে। মেং চীন থেকেই আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে তার পদত্যাগ পত্র পাঠান।

শি জিনপিং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রধান হওয়ার পর থেকে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে গত কয়েক মাসে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, ধনকুবের, এমনকি প্রথম সারির সেলিব্রেটির নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

গত জুলাইয়ে নিখোঁজ হওয়া অভিনেত্রী ফান বিংবিং অগাস্টে হঠাৎ করেই জনসম্মুখে এসে ক্ষমা প্রার্থনা করেন। কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ৮৮৩ মিলিয়ন ইউয়ান জরিমানা হয় তার।

পুরনো খবর:

ইন্টারপোল প্রধান ‘নিখোঁজ’
ইন্টারপোল প্রধান আটক, জানালো চীন