২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় দাবানল, লোকজনকে সরে যাওয়ার নির্দেশ

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ‘প্রতিকূল’ আবহাওয়ায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজ্যের শত শত বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেকে বাড়িঘর ছেড়ে চলেও গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2018, 08:25 PM

Updated : 08 Apr 2022, 07:23 PM

চলমান দাবদাহে অঙ্গরাজ্য জুড়ে অন্তত ৪০টি এলাকায় জঙ্গলে আগুন জ্বলছে বলে জানিয়েছে কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস।

এদের মধ্যে ব্রিজবেন থেকে ৪৫০ কিলোমিটার উত্তরের দাবানলটি সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে আবাসিক এলাকার দিকে ধেয়ে আসছে। ওই দাবানল এরইমধ্যে দুইটি বাড়ি গ্রাস করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও চারটি বাড়ি।

দাবানলটির আগ্রাসী রূপের কারণে স্থানীয় প্রশাসন ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করেছে বলে জানায় বিবিসি।

প্রশাসন থেকে বর্তমান পরিস্থিতিকে অন্যান্য বছরের তুলনায় ‘অনেক বেশি অস্বাভাবিক’ বলে বর্ণনা করা হয়েছে।

ডিপওয়াটার ন্যাশনাল পার্ক এলাকায় প্রায় ৫০ কিলোমিটার দৈর্ঘে্যর ওই দাবানলে এরই মধ্যে ১১ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেছে।

শনিবার জ্বলতে শুরু করা এ দাবানল আগামী কয়েকদিনে ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুইন্সল্যান্ডে নভেম্বরে দাবানল খুব একটা দেখা যায় না। কারণ, নভেম্বরের শেষ দিকেও সেখানে বৃষ্টি হয়।

ঝড়ো বাতাস, অন্যান্য বছরের তুলনায় অধিক শুষ্ক আবহাওয়া এবং চলমান দাবদাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানান কিউএফইএস কমিশনার ক্যাটরিনা ক্যারোল।

আবহাওয়া অধিদপ্তর এ সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগও বাড়ার পূর্বাভাস দিয়েছে।