চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ২, আহত ২৪
চীনে যন্ত্রপাতি তৈরির একটি কারখানায় বিস্ফোরণে দুই জন নিহত ও আরও ২৪ জন আহত হয়েছেন।
চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ জিলিনে এ ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে স্থানীয় সরকার, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
শুক্রবার মধ্যরাতের একটু আগে ঘটা এ বিস্ফোরণে অন্ততপক্ষে ৪১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায় বলে জানিয়েছ কর্তৃপক্ষ।
বিস্ফোরণের কারণ প্রকাশ করা হয়নি। সন্ত্রাসবাদের বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন কর্মকর্তারা।
শনিবার সকালেও উদ্ধারকাজ অব্যাহত ছিল। ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। বহু পুলিশ, দমকল কর্মী ও চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
চীন কারখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটনোর প্রতিশ্রুতি দিলেও সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
অগাস্টে পূর্বাঞ্চলীয় শহর জিয়াংশুতে একটি অ্যালুমিনিয়াম প্লান্টে বিস্ফোরণে পাঁচ জন নিহত হয়েছিল। এর আগে জুলাইতে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছিল।
চলতি মাসের প্রথমদিকে নিংবো শহরের একটি কারখানায় বিস্ফোরণে দুই জন নিহত হন।
