কেনিয়ায় বন্দুকের মুখে ইতালীয় ত্রাণকর্মীকে অপহরণ
কেনিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি ত্রাণ সংগঠনের এক ইতালীয় নারী কর্মীকে অপহরণ করেছে অজ্ঞাত একদল বন্দুকধারী।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে বলে বুধবার জানিয়েছে কেনীয় পুলিশ, খবর বিবিসির।
ওই অপহরণকারীরা একে-৪৭ রাইফেল বহন করছিল বলে জানা গেছে। তারা কেনিয়ার কিলিফি কাউন্টিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ‘নির্বিচারে গুলিবর্ষণ’ করার পর ২৩ বছর বয়সী ওই সেচ্ছাসেবীকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ।
অপহরণকারীদের গুলিতে তিনটি শিশুসহ পাঁচ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা ধরে নিয়ে তদন্ত চালানোর কথা জানিয়েছে তারা।
২০১১ সালের পর কেনিয়ায় বিদেশি নাগরিক অপহরণের এটি প্রথম ঘটনা।
স্থানীয় গণমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “মেঝেতে শুয়ে না পড়ে ইউরোপীয় ওই নারী কী হচ্ছে তা দেখার জন্য তার ঘর থেকে বের হয়ে যান। এক হামলাকারী তখন তাকে চড় মারে।”
আহতদের সবার সময় ১০ থেকে ২৩ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে সবচেয়ে ছোট জনের চোখে গুলির আঘাত লেগেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে স্থানীয় একজনের বরাতে বলা হয়েছে, হামলাকারীরা সোমালি ভাষায় কথা বলছিল ও সোমালিদের মতো পোশাক পরা ছিল।
এ ঘটনার সঙ্গে আল শাবাব জঙ্গিদের কোনো যোগাযোগ আছে এমন তথ্য নিশ্চিত করেনি কেনীয় পুলিশ। সাম্প্রতিক মাসগুলোতে সোমালি এই জঙ্গিগোষ্ঠীটি কিলফির উত্তরে লামু কাউন্টিতে কেনীয় সৈন্যদের ওপর বেশ কয়েকবার প্রাণঘাতী হামলা চালিয়েছে।
