২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির কারণে বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বৃষ্টির কারণে’ ফ্রান্সে প্রথম বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে যেতে পারেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2018, 03:22 PM

Updated : 08 Apr 2022, 07:18 PM

শনিবার একেবারে শেষ মুহুর্তে তার এ যাত্রা বাতিলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা চলছে।

বিশ্বযুদ্ধে নিহত সেনাদের কবরস্থানে না গিয়ে ট্রাম্প নিহত মার্কিন সেনাদের ‘অসম্মান’ করেছেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা এমনটাও বলেছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

স্ত্রী মেলানিয়াকে নিয়ে প্যারিসের ৮৫ কিলোমিটার পূর্বে বেলুর এন্না-মার্নে আমেরিকান সিমেট্রিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার সূচী ছিল মার্কিন প্রেসিডেন্টের। কিন্তু টানা হালকাবৃষ্টি ও স্বল্প উচ্চতায় নেমে আসা মেঘ তার হেলিকপ্টারটির সেখানে যাওয়া আটকে দেয়।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, “আবহাওয়ার কারণে সময়সূচী, পরিকল্পনা ও আয়োজনে জটিলতা দেখা দেওয়ায় (সেখানে তাদের উপস্থিতি) বাতিল করা হয়েছে।”

প্রেসিডেন্টের বদলে তার চিফ অব স্টাফ জন কেলি, যিনি একজন অবসরপ্রাপ্ত জেনারেল, প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে ওই সিমেট্রিতে গিয়েছেন বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।

বিশ্বযুদ্ধে নিহতদের কবরস্থানে মার্কিন প্রেসিডেন্টের না যাওয়ার খবরে টুইটারে তীব্র প্রতিক্রিয়া দেখান ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের নাতি নিকোলোস সোমস। এর মাধ্যমে ট্রাম্প যুদ্ধে নিহত মার্কিন সেনাদের ‘অসম্মান’ করেছেন বলে মন্তব্য করেছেন তিনি। 

হোয়াইট হাউস বলছে, তাদের এ সিদ্ধান্তের পেছনে মূল কারণ ছিল আবহাওয়া। তাৎক্ষণিকভাবে মোটর শোভাযাত্রা করে যাওয়ার কথা ভাবলেও নিরাপত্তা উদ্বেগ থাকায় সে পথে হাঁটা হয়নি।

বছরখানেক আগেও একবার ট্রাম্প উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার অসামরিক এলাকায় যাননি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া হেলিকপ্টার অবতরণের জন্য উপযোগী না হওয়ায়।

ফ্রান্সে নিহত মার্কিন সেনাদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে ট্রাম্পের না যাওয়া বিষয়ে হোয়াইট হাউসের এ ‘অজুহাত’ মানতে রাজি নন ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তা বেন রোডস।

“৮ বছর ধরে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সবগুলো ভ্রমণের পরিকল্পনায় সহায়তা করেছি। সেসব ভ্রমণেও সবসময়ই বৃষ্টির সম্ভাব্যতা নিয়ে কথা হতো। সবসময়ই,” বলেন হোয়াইট হাউসের যোগাযোগ কৌশল বিষয়ক সাবেক এ সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

ট্রাম্প মার্কিন সিমেট্রিতে তার নির্ধারিত সফর বাতিল করলেও হালকা বৃষ্টির মধ্যেই প্যারিসের উত্তরপূর্বের কমপিয়েনে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির ১০০ বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঠিকই উপস্থিত হয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।

উত্তরপূর্ব ফ্রান্সের ভিমি রিজের যুদ্ধক্ষেত্রে নিহত কানাডীয় সেনাদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।