সোমালিয়ায় হোটেলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি জনপ্রিয় হোটেলে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকধারীর আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার স্থানীয় সময় বিকালে সাহাফি হোটেলের কাছে দুটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের পরপরই হোটেল ও এর সংলগ্ন অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুকধারীদের গুলি বিনিময় শুরু হয়।
হোটেলটির কাছে ব্যস্ত সড়কে একটি তিন চাকাবিশিষ্ট যান ‘টুক-টুকে’ তৃতীয় বোমাটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রাথমিকভাবে হামলায় নিহতের সংখ্যা ২২ বলে জানানো হয়েছিল।
“৩৯ বেসামরিক নিহত ও ৪০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছি আমরা। অনেকেই নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে,” বলেছেন মোগাদিশুর পুলিশ কর্মকর্তা মোহামেদ হুসেন।
আল-কায়দাঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী আল-শাবাব সিআইডি সদরদপ্তরের পাশে অবস্থিত হোটেল সাহাফিতে হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রয়টার্স।
গত শতকের নব্বইয়ের দশকের শুরুতে সাবেক স্বৈরশাসক মোহামেদ সায়িদ বারি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ‘আফ্রিকার শিং’ খ্যাত সোমালিয়ায় সহিংসতা ও অরাজক পরিস্থিতি বিরাজ করছে।
শুক্রবারের হামলায় সাহাফি হোটেলের স্বত্বাধিকারী আব্দিফাতাহ আব্দিরশিদও নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
তিন বছর আগে একই ধরনের সন্ত্রাসী হামলায় তার বাবা আব্দিরশিদ মোহামেদও নিহত হয়েছিলেন। বাবার মৃত্যুর পর থেকে আব্দিফাতাহই হোটেলটি পরিচালনা করতেন।
মোগাদিশুর মনোরম দৃশ্য উপভোগ ও তুলনামূলক কড়া নিরাপত্তার জন্য ভ্রমণকারীদের কাছে এ হোটেলের কদর আছে। তিন দশক আগের গৃহযুদ্ধের সময় এই হোটেলটি বিদেশি সাংবাদিকদের নিরাপদ আবাসস্থল ছিল।
