সিনেটে রিপাবলিকানদের জয়, প্রতিনিধি পরিষদ ডেমোক্রেটদের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সক্ষম হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। অপরদিকে, আট বছর পর নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্রেটরা।
সিএনএন এর সর্বশেষ খবর অনুযায়ী, হাউস অব রিপ্রেজেন্টেটিভস অর্থাৎ, প্রতিনিধি পরিষদে ৪৩৫ আসনের মধ্যে এখনও পর্যন্ত ৪২১ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে ২২২টি আসনে জয়লাভ করে ডেমক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। রিপাবলিকানরা জয়ী হয়েছে ১৯৯টি আসনে। এখনও ১৪টি আসনের ফল আসেনি।
ওদিকে, সিনেটে মোট ১০০টি আসনের মধ্যে মঙ্গলবার ভোট হয়েছে ৩৫টিতে। সংখ্যাগরিষ্ঠতার জন্য রিপাবলিকান পার্টিকে ৫০টি (সিনেটে ভাইস প্রেসিডেন্টের একটি আসন আছে) এবং ডেমোক্র্যাটিক পার্টিকে ৫১টি আসন পেতে হত। রিপাবলিকানরা এরই মধ্যে মোট ৫১টি আসন পেয়ে গেছে। ডেমোক্র্যাটদের দখলে আছে ৪৫টি আসন, এর মধ্যে দুই জন স্বতন্ত্র প্রার্থী। চারটি আসনের ফল এখনও আসেনি।
মঙ্গলবারের ভোটে ইন্ডিয়ানা, মিজৌরি, ফ্লোরিডা ও নর্থ ডাকোটায় রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের কাছে ধরাশায়ী হয়েছেন চার ডেমোক্র্যাট সিনেটর। যে কারণে, চূড়ান্ত ফলাফলে সিনেটে ডেমোক্র্যাটদের আসন আরও কমবে বলে ধারণা করা হচ্ছে।
সিনেটে আধিপত্য ধরে রাখার মাধ্যমে রিপাবলিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করতে সফল হবে, যার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অন্যতম।
অন্যদিকে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাওয়ায় এখন ডেমোক্র্যাটরা আয়কর বিল, বাণিজ্য বিষয়ে যেকোনো সিদ্ধান্ত এবং ২০১৬ নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে এবং তদন্ত কমিটি গঠন করতে পারবে।
চাইলে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুত মেক্সিকো সীমান্ত প্রাচীরের তহবিল, দ্বিতীয়বারের মত বড় ধরনের কর রেয়াত অথবা বাণিজ্য বিষয়ে রক্ষণশীল কৌশলগত নীতি গ্রহণের ক্ষেত্রেও বাগড়া দিতে পারবে।
এমনকি যদি ট্রাম্পের নির্বাচনী শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় বা তার বিরুদ্ধে কোনো কারণে কেন্দ্রীয় তদন্ত শুরু হয় তবে হাউজে সংখ্যাগরিষ্ঠতার জোরে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টের আভিশংসন প্রক্রিয়া শুরু করতে পারবে। তবে প্রেসিডেন্টকে অভিশংসিত করতে হলে কংগ্রেসকে সিনেটের দুই-তৃতীয়াংশ ভোট পতে হবে, আর সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে।
বুধবার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর ‘হাউস ডেমোক্রেটস’ প্রধান ন্যান্সি পেলোসি বলেন, “আজকের বিষয়টি ডেমোক্র্যাটিক বা রিপাবলিকানদের চেয়েও বেশি কিছু। এটা সাংবিধানিকভাবে ট্রাম্প প্রশাসনের কার্যকলাপের যাচাই করার ক্ষমতায় ভারসাম্য ফেরার বিষয়।”
এদিকে, হাউস অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ হারালেও ভোটের ফলে দারুণ খুশি ট্রাম্প বুধবার টুইটারে লেখেন, “আজ রাতে অভাবনীয় সাফল্য।”তার আগে তিনি লেখেন, “গত রাতে আমাদের বড় কিছু জয়ের জন্য অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি। দেশের বাইরে থেকেও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।”
হাউজের নিয়ন্ত্রণ না থাকলেও বৈদেশিক নীতির ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা বলে ট্রাম্প নিজের মত করেই সিদ্ধান্ত নিতে পারবেন।
