যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছে জনগণ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশজুড়ে ভোট দিচ্ছে মার্কিনিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি প্রশ্নে গণভোট হিসাবেই দেখা হচ্ছে এ ভোটকে।
ইস্ট কোস্টের অঙ্গরাজ্যগুলোতে মঙ্গলবার সকাল ৬ টায় প্রথম ভোট গ্রহণ শুরু হয়েছে। সর্ব প্রথম নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া এবং মাইনের ভোটাররা ভোট দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
এ ভোটে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর সব কয়টি, অর্থাৎ ৪৩৫টি আসনের প্রতিনিধি নির্বাচিত হবেন। এছাড়া, উচ্চকক্ষ সিনেটের ১শ’টি আসনের মধ্যে এদিন ভোট হবে ৩৫টিতে। পাশাপাশি ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৬টির গভর্নর নির্বাচন করবেন ভোটাররা।
ইস্টার্ন টাইম (ইটি) সন্ধ্যা ৬টায় সর্বপ্রথম ইন্ডিয়ানা অঙ্গরাজ্য এবং কেনটাকিতে ভোট গ্রহণ শেষ হবে। এরও সাত ঘণ্টা পর সর্বশেষ আলাস্কায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর রাত ১০ টায় অ্যারিজোনা, কলোরাডো, ইডাহো, মনটানা, নেভাডা, নর্থ ডেকোটা, অরেগনে ভোট শেষ হবে।
বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন সময় ভোট গ্রহণ শেষ হওয়ায় পূর্ণ ফল হাতে পেতে সময় লাগবে। রাত ১১টা থেকে ভোটের ফল আসতে শুরু করবে বলে জানায় দ্য নিউ ইয়র্ক টাইমস।
সাধারণত প্রেসিডেন্ট নির্বাচনের চাইতে মধ্যবর্তী নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকে। তবে এবার ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে আগাম ভোট দিয়েছে ৩ কোটির বেশি ভোটার।
নির্বাচনের দিন ভোটার সংখ্যা আরো বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে পূর্বাঞ্চলীয় উপকূল এলাকায় ঝড়বৃষ্টি এবং মিডওয়েস্টে তুষাড়ঝড়ের পূর্বাভাস থাকায় সেখানে ভোটার সংখ্যা কমও হতে পারে।
মধ্যবর্তী এ নির্বাচন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় পরীক্ষা।কারণ, সর্বশেষ জনমত জরিপগুলোতে কংগ্রেসের উভয় কক্ষে বিরোধী ডেমক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা লাভের আভাস পাওয়া গেছে। যদিও নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেছেন, “ডেমক্র্যাটরা ক্ষমতায় আসলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং অবৈধ অভিবাসীরা অবাধে প্রবেশের সুযোগ পাবে”।
ভোটের আগে ওহাইও, ইন্ডিয়ানা এবং মিসৌরিতে সর্বশেষ তিন সমাবেশেই ট্রাম্প বলেন, “আমরা যা কিছু অর্জন করেছি তার সবই এখন ঝুঁকিতে।”
নির্বাচনের এ দিনটি ভোটারদেরই দিন এবং তাদের রায়ে বেরিয়ে আসবে বেশ ক’টি প্রশ্নের উত্তর। রিপাবলিকানরা হাউজ এবং সিনেট দু’কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে কিনা, ভোটে সেই ২০১৬ সালের মত আবারো ট্রাম্প সমর্থকদেরই জয় হবে কিনা, ফ্লোরিডায় ডেমোক্র্যাট এন্ড্রু গিলাম জয় পাবেন কিনা, জর্জিয়ায় প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হবেন কিনা এবং টেক্সাসে আবার ডেমোক্র্যাটদের দিন ফিরবে কিনা।
কেনটাকির ভোটেই মিলতে পারে পূর্বাভাস
কেনটাকিতে রিপাবলিকান রেপ অ্যান্ডি বারের সঙ্গে লড়ছেন ডেমোক্র্যাট অ্যামি ম্যাকগ্রেথ। দু’বছর আগে এ আসনে খুব সহজেই জিতেছিলেন ট্রাম্প। তাই সেখানে ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হলে তা রিপাবলিকানদের জন্য মাথাব্যথার কারণ হবে।
ফ্লোরিডার গভর্নর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই
এ রাজ্যে ডেমোক্র্যাট এন্ড্রু গিলামের সঙ্গে লড়ছেন ট্রাম্পপন্থি রিপাবলিকান রন ডেসান্টিস। রাজ্যটিতে বিভক্তি থাকার কারণে দুই প্রার্থীর লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি। ফলে এ রাজ্যের ভোটের ফল থেকেও পরবর্তী অবস্থা মোটামুটিভাবে আঁচ করা সম্ভব হবে।
জর্জিয়ায় গভর্নরের লড়াই
জোর লড়াইয়ের সম্ভাবনা আছে এখানেও। নির্বাচনে লড়ছেন প্রতিপক্ষ দুই নারী। রিপাবলিকান ব্রায়ান কেম্পের মুখোমুখি ডেমোক্র্যাট স্টেসি অ্যাব্রামস। কোনও ভাবে এখানে ডেমোক্র্যাটরা জিতে গেলে অ্যাব্রামসই হবেন দেশের প্রথম আফ্রিকান-আমেরিকান নারী গভর্নর।
টেক্সাসে সিনেটের লড়াই
এখানে রিপাবলিকান টেড ক্রুজ়ের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট বেটো ও’ রুরকে। ক্রুজ জিতলে টেক্সাসে বদলাবে না কিছুই। কিন্তু রুরকে জিতলে সেখানে দুই দশকের মধ্যে তিনিই হবেন প্রথম ডেমোক্র্যাটিক সিনেটর।
অ্যারিজোনায় সিনেটের লড়াই
অ্যারিজোনাতেও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। রিপাবলিকানদের এ শক্ত ঘাঁটিতে এবার ডেমোক্র্যাট দল থেকে লড়ছেন তিন দফার সিনেটর কার্স্টেন সিনেমা। তার বিপক্ষে রয়েছেন রিপাবলিকান মার্থা ম্যাকস্যালি।
সেখানে ভোটে যে কারো জয়ই ইতিহাস সৃষ্টি করবে। যিনি জিতবেন তিনিই হবেন সিনেটে রাজ্যের প্রতিনিধিত্বকারী প্রথম নারী।
