কৃষ্ণসাগরে মার্কিন বিমানের পথরোধ রুশ জঙ্গি বিমানের
কৃষ্ণসাগরের উপর রাশিয়ার আকাশসীমার কাছে মার্কিন সামরিক বিমানের পথরোধ করে তাকে দূরে সরে যেতে বাধ্য করেছে রুশ জঙ্গিবিমান।
রাশিয়ার একটি এসইউ-২৭ জঙ্গিবিমান মার্কিন নৌ বাহিনীর ইপি-৩ই অ্যারাইজ বিমানের পথরোধ করে তাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।
মার্কিন নৌবাহিনী বলেছে, সোমবার তাদের ওই নজরদারি বিমানটি কৃষ্ণসাগরের আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে ওড়ার সময় রাশিয়ার একটি যুদ্ধবিমান সেটির যাত্রাপথে বাধা দেয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থাগুলো বলছে, তাদের এসইউ-২৭ বিমানটি ‘নিরাপদ দূরত্ব থেকে’ নজরদারির কাজে ব্যবহৃত মার্কিন ওই সামরিক বিমানটিকে রাশিয়ার আকাশসীমার দিকে অগ্রসর হতে দেখে।
দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা ইউনিটের সঙ্গে যোগাযোগের পর জঙ্গিবিমানটি মার্কিন ওই বিমানকে ‘সব ধরনের সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থাপনা মেনে’ রুশ আকাশসীমার বাইরে পাহারা দিয়ে নিয়ে যায়।
যুক্তরাষ্ট্রের ওই বিমানটি তার যাত্রাপথ বদলে রাশিয়ার আকাশসীমা থেকে সরে গেলে এসইউ-২৭ও ঘাঁটিতে ফিরে যায়, ভাষ্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
রাশিয়ার জঙ্গিবিমানটি তাদের নজরদারি বিমানের পথরোধ করে সামনে দিয়ে বেশ দ্রুতগতিতে উড়ে যায় বলে দাবি মার্কিন নৌবাহিনীর; এ ধরনের কর্মকাণ্ড তাদের বিমানটির পাইলট ও বিমানের ক্রুদের ঝুঁকির মধ্যে ফেলেছিল বলেও অভিযোগ তাদের।
পেন্টাগন বলছে, তাদের বিমানটি সেসময় রুটিন কার্যক্রমে ছিল এবং এ সময় রাশিয়াকে কোনো ধরনের উসকানি দেওয়া হয়নি।
সোমবার পেন্টাগনের মুখপাত্র এরিক পাহন সাংবাদিকদের বলেন, রাশিয়ার ওই জঙ্গিবিমান ইপি-৩ই উড়োজাহাজের ‘খুব কাছে চলে এসেছিল’।
মার্কিন ও রুশ বিমান দুটির মধ্যে কোনো ধরনের যোগাযোগ হয়নি এবং এ মুখোমুখি অবস্থা প্রায় ২৫ মিনিট ধরে চলেছিল বলেও জানান তিনি ।
