২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান তেল বেচবে, নিষেধাজ্ঞা ভাঙবে: রুহানি

যুক্তরাষ্ট্রের পুনর্বহাল করা নিষেধাজ্ঞা ইরান ভাঙবে আর তেল বিক্রিও চালিয়ে যাবে বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Nov 2018, 04:40 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

সোমবার রাষ্ট্রীয় টিভিতে অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সম্প্রচারিত এক বৈঠকে রুহানি একথা বলেন।

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তির আওতায় দেশটির ওপর থেকে যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল, সোমবার থেকে তার সবই ফের বহাল করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

ইরানের তেল রপ্তানিসহ ব্যাংক, জাহাজ শিল্পও এ নিষেধাজ্ঞার কবলে পড়েছে। সেইসঙ্গে ইরানের সঙ্গে যারা ব্যবসা করবে কিংবা তেল কিনবে তাদের জন্যও বাধা হয়ে দাঁড়াবে এ নিষেধাজ্ঞা।

কিন্তু ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেছেন, তার দেশ তেল বিক্রি করে যাবে। তিনি বলেন, “আমেরিকা ইরানের তেল বিক্রি শূণ্যের কোঠায় নামিয়ে আনতে চায়...কিন্তু আমরা তেল বিক্রি করে যাব।”

“আমরা গর্বের সঙ্গে নিষেধাজ্ঞা ভাঙব,” বলেন রুহানি। তিনি বলেন, “আজ শত্রুদেশটি (যুক্তরাষ্ট্র) আমাদের অর্থনীতিকে টার্গেট করেছে... নিষেধাজ্ঞার মূল লক্ষ্য আমাদের জনগণ।”

ইউরোপের যে দেশগুলো এখনো ইরানের সঙ্গে করা ২০১৫ সালের পরমাণু চুক্তি টিকিয়ে রাখার পক্ষপাতি তারা নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানের ব্যবসায় সহায়তা করতে প্রস্তুত। তবে তাদের সে চেষ্টা কতটা সফল হবে তা নিয়ে সংশয় আছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘনিষ্ঠ দেশসহ ৮ টি দেশকে ইরানের তেল কেনার সুযোগ দিতে রাজি হয়েছেন। এর মধ্যে রয়েছে ইরান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করা দেশ চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান এবং তুরস্ক।