‘খাশুগজির দেহ এসিডে গলিয়ে ফেলার অভিযোগের তদন্ত দরকার’
নিহত সৌদি সাংবাদিক জামাল খাশুগজির মৃতদেহ এসিড দিয়ে গলিয়ে ফেলা হয়েছে, বিভিন্ন প্রতিবেদনে আসা এমন অভিযোগের অবশ্যই তদন্ত হওয়া দরকার বলে মন্তব্য করেছেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই।
সোমবার তুরস্কের বার্তা সংস্থা আনাদৌলুকে তিনি একথা বলেছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
২ অক্টোবর সৌদি আরবের ইস্তাম্বুল দূতাবাসে প্রবেশের পর নিখোঁজ খাশুগজি পূর্বপরিকল্পিত খুনের শিকার হয়েছেন, এটি এখন সবাই স্বীকার করে নিয়েছে বলে মন্তব্য করেছেন ওকতাই।
বলেছেন, “এখন প্রশ্ন হচ্ছে আদেশটি কে দিয়েছে। এখন এ প্রশ্নেরই উত্তর খুঁজছি আমরা। অপর প্রশ্নটি হচ্ছে তার লাশটি কোথায়।
“এখন এমন প্রতিবেদনও আছে যেখানে বলা হয়েছে, (দেহটি) এসিড দিয়ে গলিয়ে ফেলা হয়েছে। এগুলোর সবই তদন্ত করে দেখা দরকার।”
এদিকে রোববার নিহত খাশুগজির ছেলে সালাহ ও আব্দুল্লাহ খাশুগজি তাদের বাবার লাশ ফেরত দেওয়ার আবেদন জানিয়েছেন।
সিএনএনকে দেওয়ার এক সাক্ষাৎকারে তারা বলেছেন, তারা তার বাবাকে কবর দিতে সৌদি আরবে ফিরতে চান এবং লাশ মদিনার আল-বাকি কবরস্থানে দাফন করতে চান।
