ইরানের তেল কেনায় ৮টি দেশকে ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের ওপর আগামী সপ্তাহ থেকে নিষেধাজ্ঞা পুনর্বহাল করলেও দেশটি থেকে তেল কেনা চালিয়ে যেতে ঘনিষ্ঠ মিত্র দেশ দক্ষিণ কোরিয়া, জাপান এমনকি ভারতসহ ৮ টি দেশকে ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ শুক্রবার এ খবর দিয়েছে। ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতাদেশগুলো মূলত এশিয়ার। তেল কেনা অব্যাহত রাখার জন্য এ দেশগুলো নিষেধাজ্ঞায় ছাড় চায়।
ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ভারতকে এ ছাড় মঞ্জুর করেছে যুক্তরাষ্ট্র। এ দেশগুলো ইরানের তেলের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। এছাড়াও যে দেশগুলো ছাড় পাচ্ছে তাদের তালিকা সরকারিভাবে প্রকাশ করা হবে সোমবার।
এক চীনা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই একটি ফল পাওয়ার আশা আছে।
দক্ষিণ কোরিয়া এবং ভারতের মত চীনকেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুমাত্রায় তেল আমদানি করতে দিতে রাজি হবেন মনে করছেন বলেই শুক্রবার জানিয়েছেন মার্কিন কর্মকর্তা ক্লেটন অ্যালেন।
তবে এ খবরের বিষয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। জাপানের কর্মকর্তারাও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
ইরানের তেলের ক্ষেত্রে নিষেধাজ্ঞায় ছাড় চাওয়া আরেকটি দেশ হচ্ছে তুরস্ক। এ দেশটিও পাইপলাইনের মাধ্যমে ইরান থেকে উল্লেখযোগ্য পরিমাণ তেল নেয়।
যুক্তরাষ্ট্র ৫ নভেম্বরে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের পর তুরস্ককেও ছাড় দেওয়া হবে এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। যদিও এ ব্যাপারে কোনো লিখিত নোটিশ এখনো আসেনি বলে জানায় তারা।
তবে এ ছাড় অনির্দিষ্টকালের জন্য নয়, বরং সাময়িকভাবে দেওয়া হবে এবং দেশগুলো কম মাত্রায় ইরানের তেল আমদানি করার সুযোগ পাবে বলে জানিয়েছেন কর্মকর্তা অ্যালেন।
