শরণার্থীদের লাথি মারা সেই সাংবাদিকের সাজা মওকুফ
সিরীয় শরণার্থীদেরকে লাথি দেওয়া সেই হাঙ্গেরিয় নারী টিভি সাংবাদিক পেত্রা লাজলোকে সাজা থেকে অব্যাহতি দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
২০১৫ সালে শরণার্থী সঙ্কট তুঙ্গে থাকার সময়টিতে হাঙ্গেরি ও সার্বিয়া সীমান্তে পুলিশের বেষ্টনি ভেঙে পালাতে থাকা শরণার্থীদের লাথি মেরে ফেলে দেওয়ার ঘটনার ছবি বিশ্বজুড়ে সমালোচিত হয়। ওই ঘটনার ভিডিও তে পেত্রা কে ক্যামেরা হাতেই শরণার্থীদেরকে লাথি মেরে মাটিতে ফেলে দিতে দেখা যায়।
সীমান্তে ভিডিও রেকর্ডিং করার সময় ছুটতে থাকা শরণার্থীদের সঙ্গে ধাক্কা লাগে পেত্রার । ওই সময়ই তার পাশ দিয়ে ছুটতে থাকা দুইজনকে পায়ে লাথি মারেন তিনি। তাদের মধ্যে সন্তান কোলে দৌড়তে থাকা একজন লাথি খেয়ে লুটিয়ে পড়েন। এর আগে দৌড়তে থাকা আরেকটি শিশুকে লাথি দেন তিনি।
অনলাইনে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। তুমুল সমালোচনার মুখে পেত্রাকে বরখাস্ত করে টেলিভিশন কর্তৃপক্ষ। ২০১৬ সালে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। নিন্ম আদালত এ আচরণের জন্য তাকে ২০১৭ সালে তিন বছর বিশেষ নজরদারিতে রাখার সাজা দেয়।
কিন্তু গত মঙ্গলবার হাঙ্গেরির সর্বোচ্চ আদালত পেত্রার ওই কান্ড নৈতিকভাবে ভুল ছিল বলে স্বীকার করলেও তিনি অপরাধমূলক বা ধ্বংসাত্মক কিছু করেননি যুক্তিতে তার সাজা মওকুফ করেছে।
সর্বোচ্চ আদালতের রায়ে আরো বলা হয়, ঘটনাটি পুলিশের কাছ থেকে পালাতে থাকা শত শত শরণার্থীর কারণে হয়েছে। পুলিশের ব্যারিকেড ভেঙে আসতে থাকা শরণার্থীদের স্রোতের কারণেই সেখানে বিশৃঙ্খলা ঘটেছে।
ওদিকে, অভিযোগের বিষয়ে পেত্রার বক্তব্য হচ্ছে, ঘটনার সময় ছুটে আসা মানুষ দেখে আক্রান্ত হওয়ার ভয়েই নিজের আত্মরক্ষার জন্য তিনি ওই কাজ করেছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ওই সময়টিতে হাঙ্গেরির মত দেশগুলোর সীমান্ত দিয়ে শরণার্থীরা পশ্চিম ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন। আর পেত্রা লাজলো তখন হাঙ্গেরির এন ১ টিভি’র ক্যামেরাপারসন হিসেবে কাজ করছিলেন।
