নিউ ইয়র্কে দুই সৌদি বোনের লাশ, ধাঁধাঁয় পুলিশ
তুরস্কে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশুগজি খুনের রেশ না কাটতেই এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সৌদি নাগরিক দুই বোনের লাশ পাওয়া যাওয়ার ঘটনায় ধাঁধায় পড়েছে পুলিশ।
বিবিসি জানায়, গত সপ্তাহে শহরের হাডসন নদী থেকে টেপ দিয়ে বাঁধা দুই বোনের লাশ উদ্ধার করা হয়। একজনের নাম তালা ফারিয়া (১৬) এবং অপরজন রোতানা ফারিয়া (২২)।
পুলিশ বলছে, এ দুই বোন সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছিলেন। ২০১৫ সালে তারা তাদের মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর ভার্জিনিয়ায় থাকতেন। ২০১৭ সালে একবার বাড়ি থেকে উধাও হয়ে যাওয়ার পর গত ২৪ অগাস্টে দুই বোন ফের নিখোঁজ হন।
তাদের লাশ উদ্ধারের পর সপ্তাহ গড়িয়ে গেলেও এখন পর্যন্ত এ মৃত্যু রহস্যের কোনো কুলকিনারা করতে পারছে না মার্কিন পুলিশ। কিভাবে দু’বোনের মৃত্যু হল তা এখনো নিশ্চিত নয় পুলিশ। বাড়ি থেকে ২৫০ মাইল দূরে নদীতীরে তাদের লাশ কিভাবে এল তাও পুলিশের কাছে অস্পষ্ট।
নিউ ইয়র্ক পুলিশের উদ্ধৃতি দিয়ে এপি বার্তা সংস্থা জানিয়েছে, দুই বোনের লাশ উদ্ধারের আগের দিন তাদের মা ওয়াশিংটনস্থ সৌদি আরবের দূতাবাস থেকে একটি ফোন কল পেয়েছিলেন। ওই ফোনে তাদেরকে সৌদি আরবে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
ওদিকে, নিউ ইয়র্কের সৌদি কনস্যুলেট জেনারেল এক বিবৃতিতে জানায়, দূতাবাসের কর্মকতারা ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং দুই বোন তার ভাইয়ের সঙ্গে ওয়াশিংটনে ছিল। তাদের মৃত্যু রহস্য উদঘাটনে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।
সৌদি আরবের রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশুগজি হত্যা নিয়ে রিয়াদ তীব্র আন্তর্জাতিক চাপের মুখে থাকার সময়েই যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী দুই সৌদি বোনের এ মৃত্যুর খবর এল।
পুলিশ বুধবার দুই বোনের ছবি প্রকাশ করেছে এবং তাদের ব্যাপারে তথ্য জানানোর জন্য জনগণের কাছে আবেদন জানিয়েছে। আসলেই কি ঘটেছে তা খতিয়ে দেখা হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের গোয়েন্দা প্রধান ডার্মোট শেয়া।
