২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাফাল চুক্তি: ১০ দিনে ভারত সরকারকে নথি দেওয়ার নির্দেশ

ফ্রান্সের সঙ্গে রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে কি চুক্তি হয়েছে তা-সহ এর দাম সংক্রান্ত নথিপত্রেরও বিস্তারিত তথ্য ভারত সরকারকে ১০ দিনের মধ্যে সরবরাহ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2018, 08:02 PM

Updated : 08 Apr 2022, 07:15 PM

নরেন্দ্র মোদী সরকার ২০১৫ সালে ফ্রান্সের ‘দাসো এভিয়েশন’ থেকে ৫৯ হাজার কোটি রুপিতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে।  যা ভারতের রাজনীতিতে বড় ধরনের বিতর্কের জন্মে দিয়েছে। দেশটির বিরোধীদলগুলোর দাবি, মোদী সরকার প্রায় তিনগুণ বেশি দাম দিয়ে জঙ্গি বিমানগুলো কিনছে।

চুক্তির দেশীয় অংশীদার হিসেবে ধনকুবের অনিল আম্বানির ‘রিলায়েন্স ডিফেন্স’ কে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে।

রিলায়েন্সের উড়োজাহাজ তৈরির অভিজ্ঞতা নেই। তারপরও কেন রাষ্ট্র পরিচালিত ‘হিন্দুস্তান অ্যারোনেটিকস’ কে বাদ দিয়ে রিলায়েন্সকে বেছে নেওয়া হয়েছে তার ব্যাখ্যাও মোদী সরকারের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

‘হিন্দুস্তান অ্যারোনেটিকস’ এর উড়োজাহাজ তৈরির দীর্ঘ অভিজ্ঞতা আছে। ভারত-ফ্রান্স রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে দেশটির দুই সাবেক অর্থমন্ত্রী যশবন্ত সিনহা এবং অরুণ শৌরি সুপ্রিম কোর্টে এ মামলা করেন। মামলায় তারা অনিল আম্বানির সংস্থার যুক্ত হওয়া নিয়েও প্রশ্ন তোলেন বলে জানায় ভারতের দৈনিক আনন্দবাজার।

ওই মামলায় বুধবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চ ১০ দিনের মধ্যে লিখিত আকারে সিল করা খামে চুক্তির নথি জমা দেওয়ার নির্দেশ দেন।

যদিও ওই নথি জনসম্মুক্ষে প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে আদালত। নির্দেশে বলা হয়, ‘‘আমরা চাই কেন্দ্র সরকার রাফালের দাম নির্ধারণ প্রক্রিয়া এবং দাম একটি সিল করা খামে সুপ্রিম কোর্টে জমা দিক। ১০ দিনের মধ্যেই এই তথ্য ও নথিপত্র জমা দিতে হবে।’

২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী মোদী ফ্রান্স সফরে গিয়ে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি ঘোষণা করেন। পরের বছর ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলন্দ দিল্লি সফরে গেলে চুক্তি চূড়ান্ত হয়।

৫৯ হাজার কোটি রুপির চুক্তির ১৫ শতাংশ অর্থ অগ্রিম দেয় ভারত। বিজেপি সরকারের ‘মেক ইন্ডিয়া’ নীতির সঙ্গে সঙ্গতি রেখে আরও ৯০টি যুদ্ধবিমান ভারতের তৈরি করার চুক্তি হয়, এ কাজ পায় রিলায়েন্স ডিফেন্স ইন্ডাষ্ট্রিজ।

আনন্দবাজার পত্রিকা বলছে, যুদ্ধবিমান তো দূরের কথা, কোনো ধরনের বিমান তৈরির অভিজ্ঞতাই নেই রিলায়েন্স ডিফেন্সের। এই কোম্পানি রাফালের মতো উন্নত যুদ্ধবিমান তৈরির চুক্তিতে কী ভাবে ঢুকে পড়ল, বিতর্ক এ নিয়েই।

এ বিষয়ে মোদী সরকার দাবি করেছিল, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন ‘হিন্দুস্তান এরোনোটিক্স লিমিটেড (হ্যাল)’-রও যুদ্ধবিমান তৈরির কোনও অভিজ্ঞতা নেই।

কিন্তু সরকারের এ দাবিকে নাকচ করে দিয়ে হ্যালের সাবেক প্রধান টি সুবর্ণ রাজু বলেছিলেন,“এখন ভারতীয় বিমান বাহিনীর প্রধান অস্ত্র সুখোই, চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমান যদি হ্যাল কাঁচামাল থেকে তৈরি করতে পারে, তাহলে রাফাল তৈরির ক্ষমতাও আমাদের ছিল।”

এ বিষয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ,“মোদীই দেনায় ডুবে থাকা অনিলের কোম্পানিকে রাফালের চুক্তি পাইয়ে দিয়েছেন।”

ভারতে এই বিতর্ক চলার মধ্যেই গত মাসে সাবেক ফরাসি প্রেসিডেন্ট অলন্দ ‘বোমা ফাটান’। তিনি বলেন,  অনিলের রিলায়েন্স ডিফেন্স ইন্ডাস্ট্রিজকে রাফাল চুক্তির অংশ করতে মোদী সরকারই ফরাসি সরকারকে বলেছিল।